...|...|...

রাজশাহী

যমুনায় নিখোঁজ ২ স্কুলছাত্রের একজনের লাশ উদ্ধার

পাবনা প্রতিনিধি
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, সকাল ৯:৫৭ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:২৮
Shares
যমুনায় নিখোঁজ ২ স্কুলছাত্রের একজনের লাশ উদ্ধার

পাবনার বেড়া উপজেলার আমিনপুরে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে অপর শিক্ষার্থীর এখনও সন্ধান মেলেনি।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে যমুনা নদীর কাজিরহাট ঢালারচর এলাকার দাশপাড়া পয়েন্ট থেকে লাশ উদ্ধার করা হয়।

কাজিরহাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরবিন্দ সরকার বলেন, ‘নিখোঁজ দুই শিক্ষার্থীর মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আলোকস্বল্পতার কারণে সন্ধ্যার পর উদ্ধার অভিযান সাময়িক স্থগিত করা হয়। বুধবার (৫ আগস্ট) সকাল থেকে আবার অভিযান শুরু হয়েছে।

নিহত শিক্ষার্থী প্রভাত সরকার (১৫) গাজীপুর সদর উপজেলার মিঠুলাল সরকারের ছেলে। এখনও নিখোঁজ রয়েছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধলতোষা গ্রামের অনুতোষ রায়ের ছেলে বিনয় রায় (১৫)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই এবং দুজনই নবম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই কিশোর আমিনপুর থানার খানপুরা মধ্যপাড়া এলাকায় নিমাই করাতির বাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার (৩ আগস্ট) দুপুরে বাড়ির পাশের যমুনা নদীর নটাখোলা পয়েন্টে গোসল করতে নামে তারা। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তলিয়ে যায় দুজন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা চালালেও তাদের খুঁজে পাননি। পরে খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।