গাজীপুরের শ্রীপুরে ময়লার স্তূপে পড়ে থাকা বিস্ফোরক সদৃশ একটি বস্তু হাতে নেওয়ার পর বিস্ফোরণে নূর মোহাম্মদ (৪৫) নামে এক ফার্নিচার ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। এতে তার একটি হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সাথিয়াবাড়ী এলাকায় নূর মডেল স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
আহত নূর মোহাম্মদ ওই এলাকার একজন ফার্নিচার ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নূর মডেল স্কুলের সামনে ময়লার স্তূপে একটি বিস্ফোরক সদৃশ বস্তু দেখতে পান নূর মোহাম্মদ। বস্তুটি চিনতে না পেরে তিনি সেটি হাতে তুলে নেন। একপর্যায়ে বস্তুটির সেফটি রিং টেনে খুলে ফেললে সেটি বিস্ফোরিত হয়। এতে তার একটি হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।
পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, নুর মোহাম্মদের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি দোকানের পাশের ময়লার স্তূপের কাছে প্রাকৃতিক কাজ সারতে গিয়েছিলেন। সেখানে পড়ে থাকা ককটেলসদৃশ একটি বস্তু হাতে নিয়ে নাড়াচাড়া করার সময় সেটি বিস্ফোরিত হয়। এতে তার হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।
ওসি আরও বলেন, ককটেলসদৃশ বস্তুটি সেখানে কীভাবে এল, তা খতিয়ে দেখছে পুলিশ।


