...|...|...

বিনোদন

মৌসুমীকে নিয়ে অপপ্রচার, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পুত্র ফারদিনের

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, দুপুর ১:১৭
Shares
মৌসুমীকে নিয়ে অপপ্রচার, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পুত্র ফারদিনের

ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুঞ্জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাদের ছেলে ফারদিন এহেসান স্বাধীন। মাকে নিয়ে বিভ্রান্তিকর কনটেন্ট প্রচার করা ফেসবুক পেজগুলোকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। এ সময়ের মধ্যে কনটেন্ট সরিয়ে না নিলে উকিল নোটিশ পাঠানো ও মামলা করার কথা জানিয়েছেন ফারদিন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, ফারদিন কৌশলে পরিবারের সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে যুক্তরাষ্ট্রের বাসা থেকে মা মৌসুমীকে বের করে দিয়েছেন। তবে এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিনেতা ওমর সানী।

ওমর সানী জানান, তার ছেলে ফারদিন বর্তমানে দুবাইয়ে থাকেন এবং মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রে তাদের কোনো সম্পত্তি নেই বলেও দাবি করেন তিনি। ফলে মৌসুমীকে বাড়ি থেকে বের করে দেওয়ার খবরটি বানোয়াট বলে মন্তব্য করেন এই অভিনেতা। 

ওমর সানীর বক্তব্যের পরও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজে একই ধরনের বিভ্রান্তিকর কনটেন্ট প্রচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে সংশ্লিষ্ট পেজগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ফারদিন।

পোস্টে তিনি লেখেন, ‘২৪ ঘণ্টা সময় দিচ্ছি, তারপরে উকিল নোটিশ এবং মামলা। এই কথা বলার আগে তার কলিজা কতটুকু, সে বাংলাদেশের জন্ম কি না, সেটা আমার দেখা দরকার আছে। আমার মা হচ্ছে আমার মাথার তাজ। অনেক হয়েছে, প্যাকেটে করে বাসায় যাও, এইগুলো ডিলিট করার সময় ২৪ ঘণ্টা, না হলে বাকিটা পরশু দেখা যাবে।

ফারদিনের পোস্টে দুটি ফেসবুক পেজের স্ক্রিনশট দেখা যায়। তার অভিযোগ, পেজ দুটিতে ওমর সানী ও মৌসুমীর পরিবারকে নিয়ে বিভ্রান্তিকর কনটেন্ট প্রচার করা হচ্ছিল। স্ক্রিনশটের পাশাপাশি একটি ভিডিওর লিংকও শেয়ার করেন তিনি। তবে লিংকটিতে প্রবেশ করে ভিডিওটি আর পাওয়া যায়নি।

এদিকে ছেলের পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করে তাকে ধন্যবাদ জানিয়েছেন ওমর সানী। এর মধ্য দিয়ে মাকে নিয়ে ছড়ানো অপপ্রচারের বিরুদ্ধে ফারদিনের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন এই অভিনেতা।