...|...|...

বিনোদন

বিতর্কের রেশ না কাটতেই নতুন সিনেমায় মৌসুমী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:০৩
Shares
বিতর্কের রেশ না কাটতেই নতুন সিনেমায় মৌসুমী

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। অসুস্থ মায়ের পাশে থাকার পাশাপাশি সেখানে বিভিন্ন কাজেও যুক্ত আছেন তিনি। এরই মধ্যে নতুন সিনেমায় অভিনয়ের খবর সামনে এসেছে এই অভিনেত্রীর। সিনেমাটির নাম ‘আ বিউটিফুল লাই’।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে নির্মিত মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা হয়েছিল। কাজটি শুরুতে এক ঘণ্টার নাটক বা ওয়েব কনটেন্ট হিসেবে নির্মাণের পরিকল্পনা থাকলেও পরে সেটিকে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে উপস্থাপন করা হয়। মুক্তির পর এর মান নিয়েও দর্শকদের একাংশ নেতিবাচক প্রতিক্রিয়া জানান।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মৌসুমী ও তার স্বামী অভিনেতা ওমর সানী। ওমর সানী এক ভিডিও বার্তায় ‘কন্ট্রাক্ট ম্যারেজ’- কে সিনেমা হিসেবে মানতে নারাজি প্রকাশ করে এর মুক্তি বন্ধের আহ্বান জানান। মৌসুমীর অভিযোগ ছিল, তার অনুমতি বা সম্মতি ছাড়াই কাজটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে এবং তাকে অনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে।

এবার সেই বিতর্কের পরই সামনে এসেছে মৌসুমীর নতুন সিনেমার খবর। ‘আ বিউটিফুল লাই’ পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। যুক্তরাষ্ট্রে বসেই তিনি সিনেমাটির গল্প লিখছেন এবং নির্মাণের দায়িত্ব পালন করছেন।

তবে নতুন এই প্রজেক্ট ঘিরেও একটি বিষয় নিয়ে আলোচনা তৈরি হয়েছে। জানা গেছে, শুরুতে ‘আ বিউটিফুল লাই’ টেলিফিল্ম হিসেবে নির্মাণের পরিকল্পনা ছিল। পরে সেটিকে পূর্ণদৈর্ঘ্য সিনেমায় রূপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী চিত্রনাট্যও বিস্তৃত করা হচ্ছে। ফলে আগের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’- এর সাথে এর নির্মাণ প্রক্রিয়ায় কিছুটা মিল খুঁজে পাচ্ছেন অনেকে।

মৌসুমী জানিয়েছেন, ‘আ বিউটিফুল লাই’ মূলত একটি থ্রিলারধর্মী রোড ট্রিপের গল্প। একটি মিথ্যাকে কেন্দ্র করেই গল্পের বিভিন্ন ঘটনা এগিয়ে যাবে। অভিনেত্রীর ভাষ্য, টেলিফিল্ম হিসেবে ভাবা হলেও শেষ পর্যন্ত এটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হচ্ছে। দর্শকদের জন্য উপভোগ্য একটি গল্প উপহার দিতে পারবেন বলেও আশাবাদী তিনি।

সিনেমাটি শেষ পর্যন্ত দর্শকদের কাছে কেমন গ্রহণযোগ্যতা পায়, সেটিই এখন দেখার বিষয়।