দীর্ঘদিন ধরে বড়পর্দায় নিয়মিত না থাকলেও অভিনয় থেকে দূরে যাননি বাপ্পারাজ। এবার নতুন সিনেমার মাধ্যমে আবারও দর্শকদের সামনে আসছেন তিনি। নির্মাতা এম ডি ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলী’-তে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা।
সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বাপ্পারাজকে কোন ধরনের চরিত্রে দেখা যাবে, সে বিষয়ে এখনই বিস্তারিত জানাতে চাননি নির্মাতা।
এম ডি ইকবাল জানান, গল্প ও চরিত্র পছন্দ হওয়ার পরই সিনেমাটিতে কাজ করতে সম্মতি দিয়েছেন বাপ্পারাজ। তার মতো অভিজ্ঞ একজন অভিনেতাকে দলে পেয়ে নির্মাতা ও প্রযোজনা সংশ্লিষ্টরাও আনন্দিত।
নির্মাতার ভাষ্য, গল্পের প্রয়োজন অনুযায়ী শিল্পী নির্বাচন করা হচ্ছে এবং বাপ্পারাজের চরিত্রটি সিনেমার কাহিনিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার দীর্ঘদিনের অভিনয় অভিজ্ঞতা চরিত্রটিকে আরও শক্তিশালী করে তুলবে বলেও আশা করছেন তিনি।
এদিকে সিনেমাটির শুটিং শুরুর আগে চলছে জোর প্রস্তুতি। শিল্পীদের সাথে আলোচনা, লোকেশন নির্বাচনসহ প্রি-প্রোডাকশনের বিভিন্ন কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী আগামী ডিসেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
এর আগে চলতি মাসের ২ তারিখ রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় ‘গুলশানের চামেলী’ সিনেমার মহরত। সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হয় সিনেমাটির যাত্রা।
বাংলাদেশ ও কলকাতার একঝাঁক তারকাকে নিয়ে সাজানো হচ্ছে সিনেমাটির অভিনয়শিল্পীর তালিকা। বাপ্পারাজের সাথে এতে অভিনয় করবেন টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার। বাংলাদেশের শিল্পীদের মধ্যে রয়েছেন আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর, রোজিনা ও আশীষ খন্দকারসহ আরও অনেকে।
নব্বইয়ের দশকে অভিনীত একাধিক সিনেমার মাধ্যমে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পান বাপ্পারাজ। দীর্ঘ ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রের বিভিন্ন কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন তিনি। নতুন এই সিনেমার মাধ্যমে আবারও বড়পর্দার অভিনয়ে তার ব্যস্ততা বাড়তে যাচ্ছে।


