...|...|...

বিনোদন

এখনও সালমান শাহর শূন্যতায় ভোগেন শাবনূর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১৯
Shares
এখনও সালমান শাহর শূন্যতায় ভোগেন শাবনূর

ছবি: সংগৃহীত

তিন দশক পেরিয়ে গেছে। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে; কিন্তু ঢাকাই চলচ্চিত্রের স্বপ্নের নায়ক সালমান শাহর শূন্যতা যেন আজও পূরণ হয়নি। প্রিয় সহশিল্পীর ৩০তম প্রয়াণ দিবসে আবেগঘন স্মৃতিচারণে সেই কথাই যেন আবার মনে করিয়ে দিলেন চিত্রনায়িকা শাবনূর।

রবিবার (৬ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সালমান শাহর সঙ্গে একাধিক ছবি প্রকাশ করে শাবনূর লিখেছেন, ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান…।’

স্মৃতির পাতায় হারিয়ে যাওয়া সহশিল্পীকে ‘পর্দার প্রিয় রাজপুত্র’ ও মানুষের ভালোবাসার ‘স্বপ্নের নায়ক’ হিসেবে উল্লেখ করে শাবনূর বলেন, এত বছর পরও সালমানের স্মৃতি তার হৃদয়ে অমলিন। তার অকালপ্রয়াণে চলচ্চিত্র অঙ্গনে যে বিশাল শূন্যতা তৈরি হয়েছিল, সেটিও আজও পূরণ হয়নি।

শাবনূরের ভাষায়, সময়ের সঙ্গে প্রজন্ম বদলালেও সালমান শাহর জনপ্রিয়তা ও অভিনয়ের মায়া মানুষের হৃদয়ে একইভাবে জীবন্ত। প্রিয় সহশিল্পীর প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে তিনি লেখেন, ‘যেখানেই আছো, ভালো থেকো প্রিয় সালমান শাহ। আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুন।’

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান সালমান শাহ। মাত্র ২৭টি সিনেমার ক্যারিয়ার হলেও তার অভিনয়, ব্যক্তিত্ব ও ফ্যাশন আজও দর্শকের মনে অমলিন। শাবনূরের সাথে তার পর্দার রসায়নও নব্বইয়ের দর্শকের কাছে আজও এক আবেগময় স্মৃতি।