মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকাকে নিরাপদ ও নাগরিকবান্ধব করতে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ১৫টি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে ৮০টি উচ্চ রেজল্যুশন ও জুম সুবিধাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বসিলা চৌরাস্তা, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও আসাদগেটসহ গুরুত্বপূর্ণ মোড় ও জনসমাগমস্থল এই নেটওয়ার্কের আওতায় রয়েছে। ক্যামেরার সংখ্যা আগামী এক বছরের মধ্যে কয়েকশতে উন্নীত করা হবে।
রাজধানীর মোহাম্মদপুরে একটি কমিউনিটি সেন্টারে শনিবার (১৪ নভেম্বর) এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, সিসিটিভি নজরদারি ও আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।
তিনি বলেন, অপরাধ সংঘটনের পর ব্যবস্থা গ্রহণের পরিবর্তে প্রযুক্তির কার্যকর ব্যবহার, পরিকল্পিত নজরদারি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে অপরাধ প্রতিরোধ ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
ববি হাজ্জাজ জানান, মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকার ১৫টি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে ৮০টি উচ্চ রেজল্যুশন ও জুম সুবিধাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ ছাড়া, সংশ্লিষ্ট থানা পুলিশের তথ্যের ভিত্তিতে অপরাধপ্রবণ স্থান ও জেনেভা ক্যাম্পের প্রবেশপথগুলোতে বিশেষায়িত গোপন ক্যামেরা বসানো হয়েছে। এসব ফুটেজ বিশ্লেষণ করে জুলাই স্মৃতি জাদুঘরে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সহায়তা পেয়েছে।
তিনি বলেন, সমন্বিত নিরাপত্তা-ব্যবস্থা গড়ে তুলতে ঢাকা-১৩ এলাকাকে ৭০টি মহল্লায় ভাগ করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মসজিদ-মন্দির ও মার্কেট কমিটি এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নিয়ে কমিটি গঠন করা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে কেবল থানা, ট্রাফিক বিভাগ ও দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরাই সিসিটিভি ফুটেজ ব্যবহারের সুযোগ পাবেন। পাশাপাশি ভবিষ্যতে সন্দেহজনক কর্মকাণ্ড দ্রুত শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সিসিটিভি নজরদারি, পর্যাপ্ত সড়কবাতি ও পুলিশি তৎপরতায় বেশ কিছু স্থানে ছিনতাই শূন্যের কোঠায় নেমে এসেছে। মোহাম্মদপুর থানার বিস্তীর্ণ এলাকায় দ্রুত সেবা নিশ্চিত করতে অতিরিক্ত টহল গাড়ি ও জনবল বৃদ্ধির বিষয়ে ডিএমপি কমিশনারের সাথে আলোচনা হয়েছে।
আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি জানান, শিয়া মসজিদ, আসাদগেট ও ধানমন্ডি ২৭ নম্বরে আধুনিক ট্রাফিক সিগন্যাল চালু রয়েছে এবং আগামী দুই মাসের মধ্যে ডিআরএমসি স্কুলের পশ্চিম গেট, নূরজাহান রোড ও শম্পা মার্কেটের প্রবেশপথে তা স্থাপন করা হবে। সিসিটিভির মাধ্যমে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানজট নিয়ন্ত্রণ ও ভিডিও প্রসিকিউশন চলছে।
কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণে কর্মসংস্থান ও পুনর্বাসনের ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বসিলা ও বিহারি ক্যাম্পসহ বিভিন্ন এলাকার উন্নয়নে বিশ্বব্যাংক, এডিবি এবং বিজিএমইএ ও এফবিসিসিআইয়ের সাথে আলোচনা চলছে।


