মূল ড্রাইভিং লাইসেন্স ছাড়া রাস্তায় মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ। শিক্ষানবিশ বা লার্নার লাইসেন্সধারীদের জন্যও রয়েছে নির্দিষ্ট নিয়ম। এসব নিয়ম মেনে চলার বিষয়ে মোটরসাইকেল চালকদের সতর্ক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
শুক্রবার (৬ নভেম্বর) বিআরটিএর ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ সতর্কতা জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, শিক্ষানবিশ লাইসেন্সধারীরা কেবল বৈধ প্রশিক্ষকের সাথে প্রশিক্ষণ নেওয়ার সময় মোটরযান চালাতে পারবেন। এ ক্ষেত্রে গাড়ির দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘L’ চিহ্ন রাখতে হবে।
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, লার্নার বা শিক্ষানবিশ লাইসেন্সধারী চালককে রাস্তায় মোটরযান চালানোর সময় সামনে ও পেছনে দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘L’ চিহ্নযুক্ত বোর্ড লাগাতে হবে অথবা চিহ্নটি লিখে রাখতে হবে।
মূলত ‘L’ হলো ইংরেজি ‘Learner’ শব্দের সংক্ষিপ্ত রূপ। এই চিহ্ন দেখে অন্য যানবাহনের চালকরা বুঝতে পারবেন, সংশ্লিষ্ট গাড়িটি একজন শিক্ষানবিশ চালাচ্ছেন। ফলে তারা সতর্ক হয়ে প্রয়োজনীয় দূরত্ব বজায় রেখে চলাচল করতে পারবেন।
সড়কে দুর্ঘটনা এড়াতে এবং ট্রাফিক আইন মেনে চলতে শিক্ষানবিশ চালকদের এসব নিয়ম অনুসরণের ওপর গুরুত্ব দিয়েছে বিআরটিএ।


