পাবনা থেকে ঢাকা রুটে নতুন ট্রেন চালুর অপেক্ষায় রয়েছেন পাবনাবাসী। আগামী ১৯ নভেম্বর রেলমন্ত্রী শেখ রবিউল আলম পাবনা রেলওয়ে স্টেশনে এ রুটে একজোড়া ট্রেন উদ্বোধন করবেন।
এ রুটে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ এবং ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে নতুন একজোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুমোদিত প্রস্তাবনা অনুযায়ী, ৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ঢাকা পৌঁছাবে দুপুর ২টা ১০ মিনিটে।
অন্যদিকে ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পাবনা পৌঁছাবে রাত ৯টা ২০ মিনিটে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রেনটি আপ ও ডাউন উভয় পথে ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর এবং ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে।


