লিওনেল মেসির জাতীয় দলের অধ্যায় শেষ হতে চলেছে। বিদায়ী ম্যাচের আগে আবেগঘন কথা বলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তার মতে, মেসিহীন আর্জেন্টিনা নিশ্চয়ই সামনে এগোবে, তবে দলটির চেহারা আর আগের মতো থাকবে না।
বুরকিনা ফাসোকে ৭-০ গোলে হারানোর পর সংবাদ সম্মেলনে মেসির বিদায় নিয়ে প্রশ্নের জবাব দেন স্কালোনি। মঙ্গলবার মনুমেন্তালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেটিই নীল-সাদা জার্সিতে মেসির শেষ ম্যাচ হওয়ার কথা।
মেসিকে ছাড়া দলের কথা ভাবলেই স্মৃতিকাতর হয়ে পড়েন স্কালোনি। তিনি বলেন, এখন থেকে মেসিকে ঘিরে থাকবে কেবল স্মৃতি। তবু জাতীয় দলের পথচলা থেমে থাকবে না। মেসির চলে যাওয়ার পর আর্জেন্টিনা কী হারাবে, এমন প্রশ্নে কোচের উত্তর, দল ঠিকই টিকে থাকবে, খেলাও চলবে; কিন্তু মেসি ছাড়া সেই দল স্বাভাবিকভাবেই বদলে যাবে।
স্কালোনির বিবেচনায় মেসি এমন এক খেলোয়াড়, যার উপস্থিতি সতীর্থ, প্রতিপক্ষ ও সমর্থক, সবার মধ্যেই আলাদা অনুভূতি জাগায়। মাঠে অন্য কোনো ফুটবলারের এমন প্রভাব তিনি আগে দেখেননি বলেও জানান।
কোচের ভাষ্য, মেসি শুধু ম্যাচেই নয়, প্রস্তুতিতেও অনুসরণীয়। অনুশীলনে তিনি সবার আগে হাজির হন, বের হন সবার শেষে। নিজের শরীরের যত্ন ও প্রতিটি ম্যাচের প্রস্তুতিতে তার নিষ্ঠা তরুণদের জন্য শেখার মতো। স্কালোনি আরও বলেন, মেসির বড়ত্ব কেবল খেলায় সীমাবদ্ধ নয়। মাঠের নৈপুণ্য সবাই দেখতে পায়, কিন্তু তার ব্যক্তিত্ব ও পেশাদারিত্বের অনেক দিক কেবল সতীর্থরাই কাছ থেকে দেখেন।
বিদায়ী ম্যাচ ঘিরে মনুমেন্তালে দর্শকদের আগ্রহ তুঙ্গে। স্কালোনির মতে, একাধিক স্টেডিয়াম থাকলেও সবই ভরে যেত। বিশ্বের নানা প্রান্ত থেকে টিকিটের অনুরোধ আসছে তার কাছে, আর কাকে দেবেন, কাকে দেবেন না, তা সামলানোই এখন কঠিন।
তিনি নিশ্চিত, ম্যাচটি হবে আবেগে ভরা। মেসির মাঠে নামার মুহূর্ত তার নিজের, সতীর্থদের ও সমর্থকদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। এমন ঐতিহাসিক সময়ে পাশে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন তিনি। তার কথায়, দিনটি মূলত মেসি ও তার সতীর্থদের, যারা মেসির সঙ্গে সাফল্য ও আনন্দ ভাগ করেছেন।
নিজের ভবিষ্যৎ নিয়েও মুখ খোলেন স্কালোনি। দায়িত্বে থাকার জন্য তার ওপর কোনো চাপ নেই বলে জানান তিনি; কেউ জোর করে তাকে পদে রাখছে না। কোচিংয়ের বিশাল দায়িত্বের মধ্যেও ব্যক্তিজীবন উপভোগ করাকে তিনি জরুরি মনে করেন। তার মতে, কাজ যেন পুরো জীবনকে গ্রাস না করে, সেটি খেয়াল রাখাই ভারসাম্য ধরে রাখার উপায়।


