লিওনেল মেসিকে হারানোর কষ্টটা কতটা গভীর, তা যেন প্রকাশ পেল লিওনেল স্কালোনির চোখের জলেই। আর্জেন্টিনার কোচ হিসেবে মেসিকে নিয়ে একের পর এক সাফল্য পাওয়া স্কালোনির সেই প্রিয় অধিনায়কই এবার আর থাকছেন না জাতীয় দলের সাথে। নীল-সাদা জার্সিতে মেসির জাদুকরি বাঁ পায়ের দেখা না পাওয়ার বাস্তবতাই যেন আবেগাপ্লুত করে তুলেছে আর্জেন্টাইন কোচকে।
বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে ম্যাচে বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর সংবাদমাধ্যমের সামনে কথা বলার সময় আবেগ ধরে রাখতে পারেননি স্কালোনি। মনুমেন্টাল স্টেডিয়ামে মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচের পর কোচের কণ্ঠেও ফুটে ওঠে দীর্ঘ পথচলা শেষ হওয়ার বেদনা। মেসিকে পাশে নিয়ে স্কালোনি জিতেছেন চারটি বড় শিরোপা ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা।
মেসিকে নিয়ে নিজের এই দীর্ঘ যাত্রাকে স্বপ্নপূরণের সাথে তুলনা করেছেন স্কালোনি। তিনি বলেন, ‘এটা সত্যিই স্বপ্নপূরণের মতো ছিল। আমি কখনো ভাবিনি, ইতিহাসের সেরা ফুটবলারের কোচ হতে পারব। আমরা তার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব। আমাদের তার সাথে থাকার সুযোগ দেওয়ার জন্য।’
মেসিকে ছাড়া আর্জেন্টিনার পথচলার কথা বলতে গিয়ে আরও আবেগী হয়ে পড়েন স্কালোনি। তিনি বলেন, ‘চোখে পানি আসছে, কারণ এই মুহূর্তে আমার মাথার ভেতর অনেক কিছু ঘুরছে। তাকে আর দেখতে না পাওয়াটা কষ্টের হবে।’
মেসির জায়গা পূরণ করার মতো কেউ আসতে পারবেন কি না, এমন প্রশ্নেরও মুখোমুখি হতে হয় আর্জেন্টাইন কোচকে। তরুণ খেলোয়াড়দের নিয়ে নতুন দল গড়ার প্রক্রিয়া চললেও মেসির শূন্যতা যে সহজে পূরণ হওয়ার নয়, সেটিই বোঝাতে চেয়েছেন তিনি। স্কালোনির ভাষায়, ‘কোথাও না।’
তিনি আরও বলেন, ‘আমরা এখন তরুণ খেলোয়াড়দের নিয়ে কাজ করছি। এই প্রক্রিয়া চলবে। কিন্তু আপনার পাশে মেসিকে থাকার যে অনুভূতি, সেটার সাথে কোনো কিছুর তুলনা হয় না।’
মেসির অনন্যতা বোঝাতে গিয়ে স্কালোনি এরপর এমন একটি কথা বলেন, যা তার পুরো আবেগকে যেন এক বাক্যে প্রকাশ করে দেয়। তিনি বলেন, ‘আমি জীবনে আর কারও মধ্যে এমন আভা দেখিনি।’
স্কালোনির কাছে মেসি কেবল গোল করা বা গোল বানানো একজন ফরোয়ার্ড ছিলেন না। ম্যাচের কঠিন মুহূর্তে তার একটি পাস, ড্রিবল কিংবা মুহূর্তের সিদ্ধান্তই বদলে দিতে পারত পুরো ম্যাচের চিত্র। প্রতিপক্ষের রক্ষণ যতই শক্ত হোক, মেসির ব্যক্তিগত প্রতিভায় অসম্ভব জয়ও সম্ভব হয়ে উঠেছে বহুবার।
সেই মেসিকে ছাড়া এখন নতুন বাস্তবতায় পথ চলতে হবে আর্জেন্টিনাকে। নতুন প্রজন্মের খেলোয়াড়রা আসবেন, নতুন দল তৈরি হবে, নতুন গল্পও লেখা হবে। কিন্তু মেসির মতো একজনকে পাওয়া যাবে কি না সেই প্রশ্নের উত্তর স্কালোনি দিয়েছেন স্পষ্টভাবেই।
স্কালোনি বলেন, ‘যে খেলোয়াড় তার অসাধারণ প্রতিভা দিয়ে অসম্ভব ম্যাচে জয় সম্ভব করে দিতে পারত, সেই খেলোয়াড়টি এখন আর আপনার কাছে নেই।’



