...|...|...

খেলা

মেসিবিহীন আর্জেন্টিনার আক্রমণ সামলাবেন যারা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৩৯
Shares
মেসিবিহীন আর্জেন্টিনার আক্রমণ সামলাবেন যারা

ছবি: সংগৃহীত

মেসিকে ছাড়াই ২০২৬ বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়ার বিপক্ষে ম্যাচে অধিনায়ক ও তারকা ফরোয়ার্ড লিওনেল মেসিকে পাচ্ছে না আলবিসেলেস্তেরা। ফলে মেসির অনুপস্থিতিতে আক্রমণভাগে কোচ লিওনেল স্কালোনি কাদের নিয়ে পরিকল্পনা সাজান, সেটিই ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ সময় অনুযায়ী ভোর ৫:০০ টায় কর্দোবার এস্তাদিও মারিও আলবের্তো কেম্পেসে বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে তারা। বলিভিয়ার পর ৩ অক্টোবর বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। একই মাঠে ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন মেসি।

বলিভিয়ার বিপক্ষে ম্যাচের একাদশ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি স্কালোনি। তবে সম্ভাব্য দল নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন আর্জেন্টিনা কোচ। দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে মেসিকে ছাড়া সম্ভাব্য একাদশের একটি ধারণা তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন  অনুযায়ী, গোলরক্ষক হিসেবে থাকবেন এমিলিয়ানো মার্তিনেজ। তার সামনে রক্ষণভাগে দেখা যেতে পারে আগুস্তিন গিয়াই, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও ফাকুন্দো মেদিনাকে। মাঝমাঠে এক্সেকিয়েল পালাসিওস ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে রাখার পরিকল্পনা রয়েছে।

আক্রমণভাগে ভ্যালেন্তিন বারকো, নিকোলাস পাজ, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজকে দেখা যেতে পারে। মেসি না থাকায় এবার লাউতারো ও আলভারেজকে একসাথে শুরু থেকে খেলানোর সুযোগ পাচ্ছেন স্কালোনি। মেসি দলে থাকায় এই দুই ফরোয়ার্ডকে নিয়মিত একই সাথে শুরুর একাদশে দেখা যায়নি। ফলে বলিভিয়ার বিপক্ষে তাদের জুটি পরীক্ষা করে দেখার সুযোগ পাচ্ছেন আর্জেন্টিনা কোচ।

ম্যাচ সামনে রেখে সোমবার বিকেলে অনুশীলন করেছে আর্জেন্টিনা। মেসির নামে নামকরণ করা এজেইজা কমপ্লেক্সে অনুশীলন শুরু করেন খেলোয়াড়রা। সেশনের আগে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সাথে মাঠেই কথা বলতে দেখা যায় স্কালোনিকে।

অনুশীলনের শুরুতে খেলোয়াড়দের দুই দলে ভাগ করা হয়। জাতীয় দলের মূল দলের কয়েকজন খেলোয়াড়কে তুলনামূলক হালকা অনুশীলনে রাখা হয়। তাদের মধ্যে ছিলেন এনজো ফার্নান্দেজ, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, হুলিয়ান আলভারেজ ও এক্সেকিয়েল পালাসিওস।

মেসি, রদ্রিগো দে পল ও নিকোলাস ওতামেন্দির মতো খেলোয়াড়দের নিয়মিত হালকা ফুটবল খেলার যে অনুশীলন পদ্ধতি রয়েছে, সেটির আদলেই এই পর্ব পরিচালিত হয়। অন্যদিকে আগের চোট থেকে পুরোপুরি সুস্থ না হওয়া কিংবা পুনর্বাসনে থাকা খেলোয়াড়দের জিমে থাকতে হয়েছে। নিকোলাস তাগলিয়াফিকো ও থিয়াগো আলমাদা সময় কাটিয়েছেন স্টেশনারি বাইকে।

ক্লাব ফুটবলে সপ্তাহান্তে ম্যাচ খেলা তমাস পালাসিওস ও লিওনেল ফ্লোরেসও সোমবার জাতীয় দলের অনুশীলনে যোগ দেন। পালাসিওস এর আগে জাতীয় দলের সাথে অনুশীলন করলেও এস্তুদিয়ান্তেসের হয়ে আন্তর্জাতিক সুপার কাপে খেলতে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। আর বোকা জুনিয়র্সের হয়ে রেসিং ক্লাবের বিপক্ষে কোপা আর্জেন্টিনার সেমিফাইনাল নিশ্চিত করা ম্যাচে খেলেছিলেন ফ্লোরেস।