মাঠে বল পায়ে লিওনেল মেসির ছুটে চলা মানেই ফুটবলপ্রেমীদের চোখে একের পর এক জাদুকরি মুহূর্ত। ফুটবল ইতিহাসের এই মহাতারকাকে নিয়ে বিশ্বের কিংবদন্তি খেলোয়াড়, কোচ ও ফুটবল ব্যক্তিত্বরা বিভিন্ন সময়ে মুগ্ধতা প্রকাশ করেছেন।
ডিয়েগো ম্যারাডোনা থেকে জিনেদিন জিদান, ইয়োহান ক্রুইফ থেকে পেপ গার্দিওলা-বিশ্ব ফুটবলের রথী-মহারথীদের মুখে বারবার উচ্চারিত হয়েছে মেসির প্রতিভার প্রশংসা। তাকে নিয়ে ফুটবল বিশ্বের স্মরণীয় ১০টি উক্তি তুলে ধরা হলো-
ডিয়েগো ম্যারাডোনা
আমি এমন একজনকে মাঠে দেখেছি যাকে আমি আমার উত্তরসূরি হিসেবে গণ্য করি, তার নাম মেসি। সে একজন জিনিয়াস এবং সে আরও অনেক দূর যাবে।
ইয়োহান ক্রুইফ
ফুটবলের জন্য মেসি একটি সম্পদ। কারণ, সে বিশ্বজুড়ে শিশুদের কাছে রোল মডেল... সে অতুলনীয়। সে বাকিদের চেয়ে আলাদা একটি স্তরে অবস্থান করে।
আর্সেন ওয়েঙ্গার
কে বিশ্বের সেরা খেলোয়াড়? লিও মেসি। কে ইতিহাসের সেরা খেলোয়াড়? লিও মেসি।
জিয়ানলুইজি বুফন
মেসি অন্য কোনো গ্রহের কেউ। আমি শুধু মাঠে এটা নিশ্চিত করতে চেয়েছিলাম যে সেও আমাদের মতো একজন সাধারণ রক্তমাংসের মানুষ কি না।
পেপ গার্দিওলা
মেসির মতো খেলোয়াড়কে লেখার চেষ্টা করো না, বর্ণনা করো না। শুধু তাকে খেলতে দেখো।
রোনালদিনহো
সে শুধু বিশ্বের সেরা নয়, সে ইতিহাসের অন্যতম সেরা এক ফুটবলার।
আর্দা তুরান
আমি কখনোই মেসির মতো কাউকে দেখিনি। সে ঈশ্বরের অলৌকিক ক্ষমতা। সে যখন মাঠে তার কাজগুলো করে, তখন আমি আনন্দিত হই।
রিস্টো স্টোইচকভ
একদা তারা আমাকে বলত, আমাকে থামাতে হলে বন্দুকের প্রয়োজন। কিন্তু আজ আমি বলছি, মেসিকে থামাতে হলে মেশিনগান প্রয়োজন।
পাওলো মালদিনি
আমার মনে হয় সে ম্যারাডোনার লেভেল ছুঁয়ে ফেলেছে এবং তা ছাড়িয়েও গেছে। সে অসম্ভব গতিতে অবিশ্বাস্য সব কাজ করে।
জিনেদিন জিদান
মাঠে সে যা করে, তা সত্যিই অবিশ্বাস্য। সে এমন একজন খেলোয়াড় যাকে মাঠে দেখতে পাওয়াটা বিশাল সৌভাগ্যের।
শুধু ট্রফি কিংবা রেকর্ড নয়, ফুটবলপ্রেমীদের মনে ভিন্ন এক আনন্দ উপহার দেওয়ার জন্যই মেসি অনন্য। প্রতিপক্ষ খেলোয়াড় থেকে শুরু করে সতীর্থরাও একবাক্যে স্বীকার করেন যে, তার মতো ফুটবল প্রতিভার জন্ম শতাব্দীতে একবারই হয়।
সূত্র: জিনিয়াস




