...|...|...

শিক্ষা

মেডিকেল-ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, সকাল ৯:২৩
Shares
মেডিকেল-ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ

ছবি: সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তির জাতীয় নীতিমালা প্রকাশ করা হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী, ভর্তি আবেদন করতে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় দুই মিলিয়ে ন্যূনতম জিপিএ ৮ দশমিক ৫০ থাকতে হবে। তবে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন না।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এ নীতিমালা প্রকাশ করে।

নীতিমালায় বলা হয়েছে, আবেদনকারীকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় নিয়মিত উত্তীর্ণ হতে হবে। একই সাথে এইচএসসি পর্যায়ে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয় থাকা বাধ্যতামূলক।

এ ছাড়া জীববিজ্ঞান বিষয়ে ন্যূনতম জিপি ৩ দশমিক ৫০ বা ‘এ মাইনাস’ গ্রেড থাকতে হবে।

নীতিমালা অনুযায়ী, সাধারণ আসনে শুধু বাংলাদেশের নাগরিকরা আবেদন করতে পারবেন। অন্যদিকে, বিদেশি শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসনে বিদেশিরা আবেদন করার সুযোগ পাবেন। তবে তাদের ক্ষেত্রেও এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় ৫-এর স্কেলে মোট জিপিএ কমপক্ষে ৮ দশমিক ৫০ থাকতে হবে। পাশাপাশি জীববিজ্ঞানে ন্যূনতম জিপি ৩ দশমিক ৫০ অর্জন করতে হবে।

যেসব দেশে এসএসসি ও এইচএসসি পর্যায়ে পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় না, সেসব দেশের শিক্ষার্থীদের ক্ষেত্রে যথাক্রমে দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল বিবেচনা করা হবে।

বিএমডিসি জানিয়েছে, দেশের সব সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজ, ডেন্টাল কলেজ এবং ডেন্টাল ইউনিটে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে এই জাতীয় নীতিমালা প্রযোজ্য হবে।