মেট্রোরেলের ভেতরে এক নারী যাত্রীর অনুমতি ছাড়া গোপনে ছবি তোলার অভিযোগ ঘিরে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর ক্ষুব্ধ যাত্রীরা অভিযুক্ত নিরাপত্তাকর্মীকে হাতেনাতে ধরে ফেলে জবাবদিহি করেন। একপর্যায়ে পরিস্থিতি ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে গড়ায়।
ঘটনার জেরে অভিযুক্ত নিরাপত্তাকর্মীকে সাময়িক বরখাস্ত করে তদন্ত শুরু করা হয়েছে। ভারতের রাজধানী দিল্লির এআইআইএমএস (এমস) মেট্রো স্টেশনে এ ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে জানা যায়, শনিবার (১৫ আগস্ট) রাতে দিল্লি মেট্রোর ‘ইয়েলো লাইন’-এর একটি কোচে ঘটনাটি ঘটে। পরে রবিবার (১৬ আগস্ট) রাতে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়।
ভিডিওতে দেখা যায়, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) এক সদস্যকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করছেন যাত্রীরা। শুরুতে ওই সিআইএসএফ কর্মী ছবি তোলার কথা অস্বীকার করলেও যাত্রীদের চাপে তার মোবাইলের গ্যালারি চেক করা হয়। সেখানেই ভুক্তভোগী নারী যাত্রীর গোপন ছবি দেখতে পেয়ে ফেটে পড়েন সহযাত্রীরা। ভিডিওতে ভুক্তভোগী নারীকে চিৎকার করে মোবাইল থেকে ছবি মুছে ফেলার দাবি জানাতে শোনা যায়।
যাত্রীরা ওই সিআইএসএফ কর্মীর হাত থেকে ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি শুরু হয়।
ঘটনাটি প্রকাশ্যে আসার পরপরই নড়েচড়ে বসে সিআইএসএফ প্রশাসন। এক্সে দেওয়া এক বার্তায় সিআইএসএফ দিল্লি মেট্রো ইউনিট জানায়, অসদাচরণের অভিযোগটি বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। অভিযুক্ত সদস্যকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। তদন্তের চূড়ান্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে দিল্লি মেট্রো পুলিশ জানিয়েছে, শনিবার রাত ১২টা ৪০ মিনিটে কন্ট্রোল রুমে ফোন করে বিষয়টি জানানো হয়েছিল। পুলিশ দল দ্রুত এমস স্টেশনে পৌঁছালেও ওই নারী যাত্রী লিখিত কোনো অভিযোগ জমা দেননি। পরে বিষয়টি প্রশাসনিক ব্যবস্থার জন্য সিআইএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।


