...|...|...

বিশ্ব

মেক্সিকোর কারাগারে বন্দিদের সংঘর্ষে নিহত ১০, আহত ১৬

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, সকাল ১১:৪৮ | আপডেট: ৯ অক্টোবর ২০২৬, দুপুর ১২:০৪
Shares
মেক্সিকোর কারাগারে বন্দিদের সংঘর্ষে নিহত ১০, আহত ১৬

ছবি: সংগৃহীত

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া অঙ্গরাজ্যের একটি কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সরকার।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সিনালোয়া অঙ্গরাজ্যের জননিরাপত্তা সচিবালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কারাগারের ভেতরে বন্দিদের মধ্যে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছে। তবে সংঘর্ষের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

সিনালোয়া অঙ্গরাজ্যের জননিরাপত্তা সচিব সিনুহে তেলেজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় জানান, নিহত ১০ জনের মধ্যে ৯ জন কারাবন্দি। অপরজন একজন অপ্রাপ্তবয়স্ক, যে কারাগারে কাউকে দেখতে এসেছিল। এ ঘটনায় আহত ১৬ জনই বন্দি।

সংঘর্ষের পর কারাগার ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। তাঁদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এএফপির এক প্রতিবেদক ঘটনাস্থলে একটি সাঁজোয়া যান ও অ্যাম্বুলেন্স পৌঁছাতে দেখেছেন।

মেক্সিকোর কারাগারে দাঙ্গায় নিহত ১০

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত সিনালোয়া অঙ্গরাজ্যটি মাদক পাচারকারী সিনালোয়া কার্টেলের প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর সংঘাতের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। এসব গোষ্ঠীর বিরোধের কারণে অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে।

নিরাপত্তাঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মেক্সিকোর ছয়টি অঙ্গরাজ্যে মার্কিন নাগরিকদের ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। সিনালোয়া ওই ছয়টি অঙ্গরাজ্যের একটি।

তবে কারাগারের সাম্প্রতিক সংঘর্ষের সাথে মাদক কার্টেলগুলোর অভ্যন্তরীণ বিরোধের সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সংঘর্ষের কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের বিস্তারিত তথ্যের অপেক্ষা রয়েছে।

সূত্র: এএফপি