...|...|...

অপরাধ

মৃত্যুর আগে পরপর তিনদিন বারে গিয়েছিলেন তাহসিফ, সাথে ছিলেন আরেক তরুণী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, রাত ১০:৩৪ | আপডেট: ২ নভেম্বর ২০২৬, রাত ১০:৩৮
Shares
মৃত্যুর আগে পরপর তিনদিন বারে গিয়েছিলেন তাহসিফ, সাথে ছিলেন আরেক তরুণী

ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরীর মৃত্যুর আগে তার চলাফেরা ও শেষ সময়ের ঘটনাপ্রবাহ নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। মৃত্যুর আগে ২৩, ২৪ ও ২৫ অক্টোবরও উত্তরার একটি বারে গিয়েছিলেন তিনি। ওই সময় তার সাথে বন্ধু দীপ, দিশা ছাড়াও আরও এক তরুণী ছিলেন বলে জানিয়েছে বার কর্তৃপক্ষ।

স্টার নিউজের সাথে কথা বলতে গিয়ে উত্তরার নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, ২৭ অক্টোবর রাতে তাহসিফ, দীপ ও দিশা ওই বারে যান। সেখানে একটি টেবিলে বসে তারা ১৬ শতাংশ অ্যালকোহলযুক্ত চারটি বিয়ারের অর্ডার দেন। রাত ১০টা ৭ মিনিট থেকে ১১টা ৫৪ মিনিট পর্যন্ত তারা বারে অবস্থান করেন।

বার কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এর আগে ২৩, ২৪ ও ২৫ অক্টোবরও একই বারে গিয়েছিলেন তাহসিফ। তখন তার সাথে দীপ ও দিশার পাশাপাশি আরও একজন তরুণী ছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ অক্টোবর রাতে বারে অবস্থানের সময় দিশার কোনো আচরণে মনঃক্ষুণ্ন হয়েছিলেন তাহসিফ। এ নিয়ে দীপের উপস্থিতিতেই তাদের মধ্যে কথা হয়। পরে বার থেকে বেরিয়ে দিশা বাড়ি ফেরার জন্য রিকশা ঠিক করেন। তবে তাহসিফের অনুরোধে রিকশা ছেড়ে মোটরসাইকেলে করে বাসায় যান তিনি।

দিশাকে বাসায় পৌঁছে দেওয়ার পর রাত ১২টা ৫২ মিনিটে তাহসিফ ও দীপ টঙ্গীর মাজার বস্তি এলাকায় যান। সেখানে স্থানীয় বাসিন্দাদের সাথে তাদের কথা-কাটাকাটি হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে তারা মাজার বস্তির পাশের মাঠে প্রবেশ করেন।

এদিকে, ২৮ অক্টোবর দিবাগত রাত ১টা ৫ মিনিটে ওই মাঠে নিয়মিত টহলের অংশ হিসেবে পুলিশের আট সদস্যের একটি দল প্রবেশ করে। ঘটনাস্থলে অবস্থান শেষে রাত ১টা ২৫ মিনিটের দিকে দলটি এলাকা ছেড়ে যায়। এর আগে-পরে ওই এলাকার সিসিটিভি ফুটেজ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, পুলিশের টহল দল এলাকা ছাড়ার আগে রাত ১টা ২০ মিনিটের দিকে দীপকে মাজার বস্তির গলি দিয়ে হাতে হেলমেট নিয়ে বের হতে দেখা যায়। এরপর থেকে তাহসিফ ও দীপের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

তবে রাত ১টা ৩৫ মিনিটে তাহসিফ তার মাকে মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে বাসায় ফেরার কথা জানান। এরপর তার সাথে কী ঘটেছিল, তা এখনও স্পষ্ট নয়। পরবর্তী সময়ে তুরাগ নদের রাজাঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তাহসিফের মৃত্যুর ঘটনা তদন্তে দীপ ও দিশাকে জিজ্ঞাসাবাদ করছে সংশ্লিষ্ট তদন্ত সংস্থা। এ ঘটনায় বিভিন্ন আলামতও সংগ্রহ করেছে নৌ পুলিশ। বার থেকে বের হওয়ার পর টঙ্গীর মাজার বস্তি ও মাঠ এলাকায় কী ঘটেছিল এবং রাত ১টা ৩৫ মিনিটের পর তাহসিফের সাথে কী হয়েছিল, সেই রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

সূত্র: স্টার নিউজ