...|...|...

বিনোদন

মুক্তি পাচ্ছে আশা ভোঁসলের শেষ গান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, বিকেল ৪:৩৮ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:০৩
Shares
মুক্তি পাচ্ছে আশা ভোঁসলের শেষ গান

আশা ভোঁসলে। ছবি : সংগৃহীত

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের কণ্ঠে রেকর্ড করা শেষ গান প্রকাশ পেতে যাচ্ছে তার জন্মবার্ষিকীতে। আগামী ৮ সেপ্টেম্বর প্রয়াত এই সুরসাম্রাজ্ঞীর প্রথম জন্মবার্ষিকীতে ভক্তদের জন্য বিশেষ উপহার হিসেবে গানটি প্রকাশ করবে ‘ওম কা হরি’ সিনেমার টিম।

চলতি বছরের ১২ এপ্রিল ৯২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান আশা ভোঁসলে। তার প্রয়াণের পর প্রথম জন্মবার্ষিকীতে এই বিশেষ উদ্যোগ নিয়েছেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতারা।

কমেডি-ড্রামা ঘরানার সিনেমা ‘ওম কা হরি’-তে আশাজির কণ্ঠের শেষ গানটি ‘এ মেরি জিন্দেগি, তু ছুপি হ্যায় কাহাঁ’ শিরোনামে প্রকাশ করা হবে। ২০২৩ সালের শেষ দিকে ৯০ বছর বয়সে স্টুডিওতে দাঁড়িয়ে গানটিতে শেষবারের মতো কণ্ঠ দিয়েছিলেন তিনি।

হরিশ ব্যাস পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন অংশুমান ঝা, রঘুবীর যাদব, সোনি রাজদান ও আয়েশা কাপুর।গানটি প্রকাশের বিষয়ে পরিচালক হরিশ ব্যাস জানান, আশাজির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতেই তার জন্মবার্ষিকীর দিনটি বেছে নেওয়া হয়েছে।

অভিনেতা অংশুমান ঝা বলেন, ‘প্রয়াত সংগীত কিংবদন্তির শেষ সুরটি আমাদের ছবিতে থাকাটা এক পরম প্রাপ্তি। এই কাজটি আমার হৃদয়ের খুব কাছাকাছি থাকবে সবসময়।’

আট দশকের দীর্ঘ ক্যারিয়ারে ১২ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়ে কয়েক প্রজন্মের শ্রোতাকে মুগ্ধ করেছেন আশা ভোঁসলে। তার প্রয়াণে সংগীত জগতে তৈরি হওয়া শূন্যতার মাঝে শেষ গানটি ভক্তদের জন্য হয়ে উঠবে এক আবেগঘন স্মৃতির উপহার।