মিয়ানমারের জাতীয় ও আঞ্চলিক পার্লামেন্টের শূন্য আসনগুলোতে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটির ইউনিয়ন নির্বাচন কমিশন। আগামী বছরের ৪ এপ্রিল মোট ৫৫টি নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মিয়ানমারের নির্বাচন কমিশন এ ঘোষণা দেয়। দেশটির সংবাদমাধ্যম ইলেভেন মিডিয়া গ্রুপের বরাতে এ তথ্য জানা গেছে।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ পিয়িথু হ্লুতাওয়ের ৩৪টি আসন এবং উচ্চকক্ষ আমিয়োথা হ্লুতাওয়ের পাঁচটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া বিভিন্ন অঞ্চল ও অঙ্গরাজ্যের পার্লামেন্টের আরও ১৬টি নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ করা হবে।
সব আসনেই ‘ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট’ পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ প্রতিটি আসনে সর্বাধিক ভোট পাওয়া প্রার্থী বিজয়ী হবেন।
এদিকে চলতি বছরের এপ্রিলে মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হন দেশটির সাবেক সেনাপ্রধান মিন অং হ্লাইং। তিনি ২০১১ সাল থেকে দেশটির সশস্ত্র বাহিনী তাতমাদাওয়ের কমান্ডার-ইন-চিফ হিসেবে দায়িত্ব পালন করেন। প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য গত মার্চে সেনাপ্রধানের পদ থেকে সরে দাঁড়ান তিনি।
এর আগে গত বছরের ডিসেম্বরের শেষ দিকে মিয়ানমারে তিন ধাপের নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়। ওই নির্বাচনে সামরিক বাহিনী-সমর্থিত দলগুলো জয়লাভ করে। বিজয়ী দলগুলোর মধ্যে অন্যতম ছিল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)।


