মিশরের রাজধানী কায়রোর পশ্চিমে পর্যটকবাহী একটি বাসের সঙ্গে বড় ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
বুধবার (২১ অক্টোবর) সংবাদমাধ্যম আরব নিউজ জানায়, রাষ্ট্রীয় সংবাদপত্র আল-আহরামের প্রতিবেদন অনুযায়ী, কায়রো-আসিয়ুত পশ্চিম মরুভূমি সড়কে বাস ও ট্রাকের মধ্যে এ সংঘর্ষ হয়।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিনিধি জানিয়েছেন, দুর্ঘটনার পর মহাসড়কটি পরিষ্কারের কাজ করছিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ক্রেনের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়া হয়। সংঘর্ষে বাসটির সামনের অংশ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলে দুমড়েমুচড়ে যাওয়া ইস্পাত ও বিভিন্ন ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। রাস্তার পাশে পড়ে ছিল যাত্রীদের আসনগুলো। ট্রাকটির পেছনের অংশেও বাসের ধ্বংসাবশেষ দেখা যায়।
আল-আহরামের প্রতিবেদনে বলা হয়েছে, আহত ব্যক্তিদের গিজার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
মিশরে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের ত্রুটিপূর্ণ রক্ষণাবেক্ষণ এবং আইন প্রয়োগে শিথিলতাকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা হয়।
দেশটির রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর মিশজুড়ে সড়ক দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।
এর আগে গত মাসে সিনাই অঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ১০ জন জর্ডানি পর্যটকসহ মোট ২২ জন নিহত হন। এ ছাড়া, গত আগস্টে উত্তর মিশরে কৃষিশ্রমিক বহনকারী দুটি পিকআপ ট্রাকের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হন। নিহতদের মধ্যে অনেক শিশুও ছিল।


