...|...|...

জাতীয়

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে মিলল চাঞ্চল্যকর তথ্য

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, রাত ৯:৩০ | আপডেট: ২০ অক্টোবর ২০২৬, রাত ৯:৩৯
Shares
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে মিলল চাঞ্চল্যকর তথ্য

সৌদি আরবের পতাকা।

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তারের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি ‘গোপনীয়’ নথি পাঠিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। নথিতে বলা হয়েছে, বন্দিদের তালিকায় তাদের মৃত্যুদণ্ডের সাজা কিংবা অপরাধের বিস্তারিত তথ্য উল্লেখ ছিল না।

রবিবার (১৮ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো ওই নথিতে সৌদি আরবে দুই বাংলাদেশির আটক, কারাবাস ও মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে।

কনস্যুলেটের শ্রম উইংয়ের পাঠানো চিঠি অনুযায়ী, গত ১৪ অক্টোবর মক্কায় এই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পৃথক অভিযোগে ২০২৩ সালের আগস্ট থেকে তারা সৌদি আরবে আটক ছিলেন।

গত ৩০ সেপ্টেম্বর কনস্যুলেটের হাতে আসা বন্দিদের তালিকা অনুযায়ী, ২০২৩ সালের ১ আগস্ট সৌদি আরবের সাইবার অপরাধ আইনে নজরুল ইসলাম আব্দুল বশিরকে আটক করা হয়। পরদিন ব্যভিচারের অভিযোগে আটক করা হয় সুইটি আক্তারকে।

নথিতে বলা হয়েছে, নজরুল জেদ্দা সংশোধনাগারে এবং সুইটি জেদ্দা মহিলা কারাগারে বন্দি ছিলেন। তারা দুজনই ‘আল মাজাল কোম্পানিতে’ পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন।

বন্দিদের তালিকায় নেই মৃত্যুদণ্ডের তথ্য

কনস্যুলেটের নথিতে বলা হয়েছে, ৯৭ জন বন্দির অপরাধের সংক্ষিপ্ত বিবরণসংবলিত তালিকায় নজরুল ও সুইটির অপরাধের তথ্য উল্লেখ ছিল না। তাদের মৃত্যুদণ্ডের সাজা সম্পর্কেও কোনো তথ্য দেওয়া হয়নি।

নথিতে আরও উল্লেখ করা হয়েছে, সৌদি আরবে সাইবার অপরাধ কিংবা ব্যভিচারের অভিযোগে কোনো বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের আগের নজির কনস্যুলেটের জানা নেই।

সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য চেয়েছে কনস্যুলেট

নথি অনুযায়ী, সৌদি কর্তৃপক্ষ মৃত্যুদণ্ড দেওয়া কিংবা তা কার্যকরের বিষয়ে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশ দূতাবাস কিংবা জেদ্দা কনস্যুলেট জেনারেলকে কিছু জানায়নি।

এ পরিস্থিতিতে কনস্যুলেট সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা শাখায় একটি ‘নোট ভার্বাল’ পাঠিয়েছে। এতে মৃত্যুদণ্ডের রায়ের অনুলিপি এবং বিচারপ্রক্রিয়ার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। রায়ের কপি পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছে কনস্যুলেট।

পশ্চিম সৌদি আরবে কারাগারে ৩০৬ বাংলাদেশি

নথিতে সৌদি আরবের পশ্চিমাঞ্চলে কারাবন্দি বাংলাদেশিদের পরিস্থিতিও তুলে ধরা হয়েছে। সেখানে বর্তমানে ৩০৬ জন বাংলাদেশি নাগরিক কারাগারে রয়েছেন। তাদের মধ্যে ১৪৭ জনের কারাদণ্ডের মেয়াদ এক মাস থেকে ১৫ বছর পর্যন্ত।

এ ছাড়া সাইবার অপরাধসংক্রান্ত তিনটি পৃথক মামলার তথ্যও নথিতে রয়েছে। এসব মামলায় সাজাপ্রাপ্তদের কারাদণ্ডের মেয়াদ ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত।

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, অথচ বন্দিদের তালিকায় তাদের সাজার তথ্য না থাকা এবং সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে বাংলাদেশি প্রতিনিধিদের অবহিত না করার বিষয়গুলো এখন কনস্যুলেটের পরবর্তী পদক্ষেপের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।