রংপুরের মিঠাপুকুরে ‘শিক্ষার মান উন্নয়নে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা ও এসএসসি-সমমান পরীক্ষা ২০২৬-এ এ-প্লাস (A+) প্রাপ্ত ৪৩৭ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একইসাথে উপজেলার সেরা ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকেও সম্মাননা প্রদান করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টায় মিঠাপুকুর কলেজ মাঠে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত এবং মিঠাপুকুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহযোগিতায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন মিঠাপুকুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো. পারভেজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৩-রংপুর, ০৫-মিঠাপুকুর আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো. গোলাম রব্বানী। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে শিক্ষার মানোন্নয়নে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন রংপুর সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা শিক্ষা অফিসার জনাব মো. এনায়েত হোসেন, মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি জনাব মো. গোলাম রব্বানী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার সেক্রেটারি জনাব মাওলানা মো. এনামুল হক।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৩৭ জন কৃতী শিক্ষার্থীকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার ৩টি সেরা শিক্ষাপ্রতিষ্ঠানকেও পুরস্কৃত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য জনাব মো. গোলাম রব্বানী বলেন, আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের উন্নত বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাদের মেধা ও মননশীলতার যথাযথ বিকাশে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো. পারভেজ বলেন, সুনাগরিক গড়ার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের পথে ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করাই এই প্রোগ্রামের লক্ষ্য।


