ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ, সামার ২০২৬ সেমিস্টারের গ্র্যাজুয়েটদের বিদায় সংবর্ধনা এবং ক্লেমন ইনডোর ইউনিভার্সিটি ক্রিকেট ২০২৬-এ চ্যাম্পিয়ন বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দলকে সম্মাননা প্রদান করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের অডিটরিয়ামে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে এসব আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম মর্তুজা। সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. হাসনুন নাহার। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, বিভিন্ন শাখার প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ক্লেমন ইনডোর ইউনিভার্সিটি ক্রিকেট ২০২৬-এর চ্যাম্পিয়ন দলের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম মর্তুজা বলেন, টুর্নামেন্টে অংশ নেওয়া ২৩টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব সম্পূর্ণ দলের খেলোয়াড়দের। তাদের পারফরম্যান্সে বিশ্ববিদ্যালয় গৌরব অর্জন করেছে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণার ব্যাপক সুযোগ রয়েছে। শিক্ষার্থীদের এসব সুযোগ কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা ও জ্ঞান বাড়াতে হবে।
বিদায়ী গ্র্যাজুয়েটদের কর্মজীবন ও ভবিষ্যৎ পথচলার সাফল্য কামনা করে তিনি তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা অংশ নেন।


