মালয়েশিয়ার পাহাং রাজ্যের জান্দা বাইক এলাকায় ১৯টি স্থানে অভিযান চালিয়ে ৬৫ জন বিদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টা থেকে এ অভিযান শুরু হয়।
অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, বৈধ পাস বা পারমিট না থাকা, পাসের শর্ত লঙ্ঘন, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান এবং জাল ভ্রমণ নথি ব্যবহারের সন্দেহে তাদের আটক করা হয়েছে।
অভিযানে ১৫৬ জন কর্মকর্তা অংশ নেন। এ সময় মালয়েশিয়ার দুই নাগরিককে তদন্তে সহায়তার জন্য সাক্ষী হিসেবে সমন দেওয়া হয়। পাশাপাশি সড়ক অবরোধে যানবাহন তল্লাশি করে সড়ক পরিবহন বিভাগ ৪১টি সমন জারি করে।
আটক বিদেশিদের পরবর্তী তদন্ত ও আইনগত ব্যবস্থার জন্য কেমায়ান অভিবাসন আটককেন্দ্রে পাঠানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একই সাথে আইন লঙ্ঘনে জড়িত সন্দেহভাজন বাড়ির মালিক ও নিয়োগকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে অভিবাসন বিভাগ।


