...|...|...

প্রবাস

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে মিলবে দ্রুত ও হয়রানিমুক্ত কনস্যুলার সেবা

মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৫০
Shares
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে মিলবে দ্রুত ও হয়রানিমুক্ত কনস্যুলার সেবা

মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। ছবি: টাইমস টুডে

মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন নতুন অটোমেশন ব্যবস্থার মাধ্যমে ই-কনস্যুলার সেবা চালু করেছে। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা কম সময়ে ও সহজে বিভিন্ন ধরনের কনস্যুলার সেবা পাবেন।

বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ই-কনস্যুলার ব্যবস্থার আওতায় নোটারি অব অ্যাটেস্টেশন, একই ব্যক্তির পক্ষে পাসপোর্ট রিক্যাফের চিঠি, পারিবারিক সম্পর্কসংক্রান্ত চিঠি, সিগনেচার ডিজিটাল লেটারসহ বিভিন্ন ধরনের কনস্যুলার সেবা দ্রুত দেওয়া সম্ভব হবে।

নতুন এ ব্যবস্থায় উন্নতমানের অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (ওসিআর) প্রযুক্তির মাধ্যমে পাসপোর্ট বা ফটোকপি থেকে স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংগ্রহ করা হবে। এরপর ইউনিক কিউআর কোডসহ নথি তৈরি করা হবে, যা স্ক্যান করে সহজেই যাচাই ও ডিজিটালভাবে পর্যালোচনা করা যাবে।

এ ছাড়া অনলাইনে আবেদন গ্রহণ, পেমেন্টের রসিদ ও অন্যান্য নথি ডিজিটালভাবে যাচাইয়ের মাধ্যমে কর্মকর্তারা অনুমোদন দিতে পারবেন। পুরো প্রক্রিয়াটি অনলাইনে পর্যবেক্ষণ এবং যথাযথভাবে সংরক্ষণ করা হবে।

কনস্যুলার ফি জমা দেওয়ার সুবিধার্থে হাইকমিশনের কাউন্টারে একাধিক পয়েন্ট অব সেল (পিওএস) মেশিন স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, টাচ ’এন গো এবং কিউআর পেমেন্ট ব্যবহার করে নির্ধারিত ফি জমা দেওয়া যাবে।

সেবা গ্রহণকারীদের উদ্দেশে হাইকমিশন জানিয়েছে, সঠিক তথ্য নিশ্চিত করতে পাসপোর্ট, ভিসা বা অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি অথবা পরিষ্কার রঙিন ফটোকপি সাথে নিয়ে কাউন্টারে উপস্থিত হতে হবে। নির্ধারিত কনস্যুলার ফি কার্ড বা কিউআর পেমেন্টের মাধ্যমে জমা দেওয়ার জন্যও অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন পদ্ধতিতে কম সময়ে বেশিসংখ্যক প্রবাসীকে কনস্যুলার সেবা দেওয়া সম্ভব হবে। প্রবাসী বাংলাদেশিদের দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে হাইকমিশনের এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।