...|...|...

প্রবাস

মালয়েশিয়া থেকে ১৬ বাংলাদেশিসহ ২৭ বিদেশিকে ফেরত

মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, সকাল ৭:৪৬
Shares
মালয়েশিয়া থেকে ১৬ বাংলাদেশিসহ ২৭ বিদেশিকে ফেরত

ছবি: টাইমস টুডে

মালয়েশিয়া থেকে ১৬ বাংলাদেশিসহ ২৭ জন বিদেশি বন্দিকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।

বুধবার (২১ অক্টোবর) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১ ও ২ দিয়ে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়।

ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ১৬ জন বাংলাদেশি, সাতজন ইন্দোনেশিয়ার, দুজন ভারতের, একজন পাকিস্তানের এবং একজন কম্বোডিয়ার নাগরিক। তাদের সবার বয়স ১৯ থেকে ৫০ বছরের মধ্যে। ফেরত পাঠানো ব্যক্তিরা সবাই পুরুষ।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের বিরুদ্ধে চলা আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছেন এবং নির্ধারিত সাজা ভোগ করেছেন। দেশে ফেরত পাঠানোর আগে প্রচলিত অভিবাসন আইন অনুযায়ী তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে।

এ কার্যক্রম বাস্তবায়নে তেরেঙ্গানু রাজ্যের অভিবাসন বিভাগের স্থানান্তর ইউনিট এবং আজিল অভিবাসন আটককেন্দ্রের একটি দল সহযোগিতা করে।

অভিবাসন বিভাগ আরও জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় বিদেশি বন্দিদের সুশৃঙ্খল, নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম অব্যাহত থাকবে।