মালয়েশিয়ায় চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ৬৬ হাজারের বেশি বিদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। এ সময় ১১ হাজারের বেশি অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ বিদেশির পরিচয় ও কাগজপত্র যাচাই করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) রাত থেকে রবিবার (২৫ অক্টোবর) ভোর পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৭৫ জন পুরুষ ও ৩৪ জন নারী। এরই ধারাবাহিকতায় পেরাক রাজ্যের ইপোহ শহরে পৃথক দুটি অভিযানে বাংলাদেশিসহ ১০৯ জন বিদেশিকে আটক করেছে অভিবাসন বিভাগ।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, অভিযানে অভিবাসন বিভাগের কর্মকর্তা ও সদস্য এবং পুলিশের মোট ৬৬ জন সদস্য অংশ নেন। তাদের মধ্যে পুত্রজায়া থেকে আসা বিভাগের বিশেষ অভিযান ও গোয়েন্দা শাখার সদস্যরাও ছিলেন।
তিনি জানান, রাত ৯টায় ‘অপ গেগার’ নামের অভিযানে একটি বিনোদনকেন্দ্র ও চারটি ম্যাসাজ পার্লারে তল্লাশি চালানো হয়। সেখানে ৭০ জন বিদেশির কাগজপত্র যাচাই করে ৩৪ জন নারীকে আটক করা হয়। পরে রাত ১টা ৩০ মিনিটে ইপোহের পাইকারি বাজারে অভিযান চালিয়ে ৭৭ জন বিদেশির পরিচয় ও কাগজপত্র যাচাই করা হয়। সেখান থেকে ৭৫ জন পুরুষকে আটক করা হয়।
পাইকারি বাজার থেকে আটক ব্যক্তিদের মধ্যে মিয়ানমার, বাংলাদেশ, লাওস ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। অন্যদিকে, বিনোদনকেন্দ্র ও ম্যাসাজ পার্লার থেকে থাইল্যান্ড ও ভিয়েতনামের নাগরিকদের আটক করা হয়েছে।
অভিবাসন বিভাগের কর্মকর্তারা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ ভ্রমণ নথি না থাকা, ভিসা বা অনুমোদিত অবস্থানের মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থান করা এবং ইস্যু করা পারমিট বা পাসের অপব্যবহারের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে দেশটির অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন বিধিমালা ১৯৬৩ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান চলাকালে কয়েকজন বিদেশি পালানোর চেষ্টা করলেও কর্মকর্তাদের তৎপরতায় তাদের আটক করা সম্ভব হয়। এ ঘটনায় পাঁচজন নিয়োগকর্তাকে সমন জারি করা হয়েছে। তদন্তে সহযোগিতার জন্য তাদের অভিবাসন বিভাগের আইন প্রয়োগ শাখায় হাজির হতে বলা হয়েছে। আটক ব্যক্তিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পেরাক রাজ্যের অভিবাসন বিভাগের কার্যালয়ে নেওয়া হয়েছে।
চলতি বছরে ৪৫ হাজারের বেশি বিদেশিকে প্রত্যাবাসন
লোকমান এফেন্দি রামলি জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মালয়েশিয়াজুড়ে ১১ হাজারের বেশি অভিযান পরিচালনা করেছে অভিবাসন বিভাগ। এসব অভিযানে প্রায় দেড় লাখ বিদেশির পরিচয় ও কাগজপত্র যাচাই করা হয়েছে।
এ সময় ৬৬ হাজারের বেশি বিদেশিকে আটক করা হয়। তাদের মধ্যে ৪১ হাজারের বেশি সরাসরি অভিবাসন বিভাগের আইন প্রয়োগকারী অভিযানে আটক হন। বাকি ২৪ হাজারের বেশি বিদেশিকে অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে আটক বা হস্তান্তর করা হয়েছে, দেশের প্রবেশপথে আটক করা হয়েছে কিংবা অন্যান্য অভিযানের আওতায় নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ৪৫ হাজারের বেশি বিদেশিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অন্যদের বিরুদ্ধে অভিবাসন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
অভিবাসন বিভাগের এসব পরিসংখ্যান অনুযায়ী, মালয়েশিয়ায় অনিয়মিতভাবে অবস্থানরত বিদেশিদের শনাক্ত, আটক ও নিজ দেশে ফেরত পাঠাতে দেশটির কর্তৃপক্ষের অভিযান অব্যাহত রয়েছে।


