রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে বিভিন্ন অপরাধে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে মিরপুর বিভাগে ১৫২ জন, তেজগাঁও বিভাগে ৯৫ জন, ওয়ারী বিভাগে ৮০ জন, মতিঝিল বিভাগে ৬৬ জন এবং লালবাগ বিভাগে ৫৩ জন রয়েছেন। এ ছাড়া উত্তরা বিভাগে ৩৩ জন, গুলশান বিভাগে ৩০ জন, রমনা বিভাগে ২৩ জন এবং গোয়েন্দা বিভাগে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে গ্রেফতারদের কাছ থেকে ১ কেজি গাঁজা, ১ হাজার ৫০৬ পিস ইয়াবা, চারটি মোবাইল ফোন ও চারটি চাকু উদ্ধার করা হয়। এ সময় একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


