প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে ফেসবুকে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করে আলোচনায় আসা সেই যুবককে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী সফরে আসেন। এ সময় তাকে বহনকারী বিশেষ বিমানটি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে। পরে বিমানবন্দর থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে করে নগরীতে প্রবেশ করেন তিনি।
সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষ হাত নেড়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। চলন্ত বাস থেকে প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে রুয়েটের বাসের ছবি দিয়ে পোস্ট করা হয়। সেখানে লেখা হয়, ‘সবই বুঝলাম! রাজশাহীতে আমাদের প্রধানমন্ত্রীর লাল-সবুজ বুলেটপ্রুফ বাসটা কই? রুয়েটের বাসে কেন? আপনারা কী জানেন রাজশাহীবাসী?’
ওই পোস্টের মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ। ছিল শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’ মন্তব্যটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়।
এ ঘটনায় রাজশাহী মহানগর বিএনপির নেতারা মন্তব্যটির নিন্দা জানান এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় আনার দাবি করেন। তাদের মতে, প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্তব্যটি কোনো বাস্তব হুমকির ইঙ্গিত বহন করে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যিনি এমন কথা বলেছেন, তাকে আইনের আওতায় আনতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি।
দলটির সহ-সভাপতি আলী আশরাফ মাসুম জানান, ফেসবুকে এ ধরনের মন্তব্য দেখে তারাও উদ্বিগ্ন হয়েছেন। মন্তব্যটি প্রধানমন্ত্রীর প্রতি হুমকির ইঙ্গিত বহন করে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।
এর আগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানিয়েছিলেন, বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে এবং মন্তব্যকারীকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তবে গ্রেফতারের বিস্তারিত, অভিযুক্তের পূর্ণ পরিচয় এবং তার বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


