...|...|...

খেলা

মারা গেলেন আর্জেন্টাইন ফুটবলের কিংবদন্তি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪৬
Shares
মারা গেলেন আর্জেন্টাইন ফুটবলের কিংবদন্তি

কার্লোস বাবিংটন। ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন ফুটবলের কিংবদন্তি সাবেক ফুটবলার কার্লোস বাবিংটন আর নেই। বুধবার (১১ নভেম্বর) ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন হুরাকানের অন্যতম সেরা এই কিংবদন্তি। খেলোয়াড় হিসেবে দুই দফায় হুরাকানে খেলেছেন তিনি। পরবর্তী সময়ে ক্লাবটির কোচ ও সভাপতির দায়িত্বও পালন করেছেন। খবর টিওয়াইসি স্পোর্টসের। 

‘এল গ্রিঙ্গো’ নামে পরিচিত বাবিংটন হুরাকানের ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন স্বর্ণাক্ষরে। ১৯৬৯ সালে ক্লাবটির হয়ে অভিষেক হয় তার। এরপর ১৯৭৩ সালে সিজার লুইস মেনোত্তির অধীনে ঐতিহাসিক এক দলের সদস্য হিসেবে মেত্রোপলিতানো শিরোপা জেতেন তিনি।

পরবর্তী সময়ে জার্মানির দ্বিতীয় বিভাগের ক্লাব ওয়াটেনশাইডে খেলতে যান বাবিংটন। ১৯৭৮ সালে আবারও ফিরে আসেন হুরাকানে। ১৯৮২ সাল পর্যন্ত ক্লাবটিতে খেলার পর যুক্তরাষ্ট্রের টাম্পা বে রাউডিজ ও কলম্বিয়ার জুনিয়র ক্লাবের হয়ে মাঠে নামেন। ১৯৮৩ সালে ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন এই বাঁ পায়ের প্রতিভাবান মিডফিল্ডার।

ক্লাব ফুটবলে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে জায়গা করে নেন আর্জেন্টিনা জাতীয় দলেও। ১৯৭৪ সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে পাঁচটি ম্যাচ খেলেন তিনি। টুর্নামেন্টে একটি গোলও করেন। তবে তার পারফরম্যান্স সত্ত্বেও দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয় আর্জেন্টিনাকে।

খেলোয়াড়ি জীবন শেষে ১৯৮৬ সালে প্লাতেন্সের কোচ হিসেবে শুরু হয় বাবিংটনের কোচিং ক্যারিয়ার। পরবর্তী সময়ে চার দফায় দায়িত্ব পালন করেন নিজের প্রিয় ক্লাব হুরাকানের। তার অধীনে ১৯৮৯-৯০ ও ১৯৯৯-২০০০ মৌসুমে আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগের শিরোপা জিতে দুইবারই প্রিমেরা ডিভিশনে (প্রথম বিভাগ) ওঠে হুরাকান।

একই কৃতিত্ব দেখান বানফিল্ডের হয়েও। ১৯৯২-৯৩ মৌসুমে দলটিকে দ্বিতীয় বিভাগের শিরোপা জিতিয়ে প্রথম বিভাগে উন্নীত করেন তিনি। এ ছাড়া রেসিং ক্লাব (১৯৯৩), রিভার প্লেট (১৯৯৫), মেক্সিকোর লিওন (২০০১-০২) এবং চাকরিতা জুনিয়র্সের (২০০৩) মতো দলেও কোচের দায়িত্ব পালন করেছেন।

তবে খেলোয়াড় ও কোচ হিসেবে গড়ে তোলা উজ্জ্বল ভাবমূর্তি কিছুটা ম্লান হয়ে যায় হুরাকানের সভাপতি থাকাকালীন সময়ে। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ক্লাবটির সভাপতির দায়িত্বে ছিলেন বাবিংটন। দায়িত্ব ছাড়ার পর আর্থিক অনিয়ম ও প্রতারণামূলক প্রশাসনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। এ মামলায় তার ছেলেকেও অভিযুক্ত করা হয়েছিল, যিনি সে সময় ক্লাবটির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

প্রাথমিকভাবে আদালতে খালাস পেলেও পরবর্তী সময়ে সেই রায় বাতিল হয়ে যায়। আইনি জটিলতা ও সম্পদ জব্দের ঘটনার পর থেকে হুরাকানের সমর্থকদের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে। একপর্যায়ে ক্লাবটির ঐতিহাসিক তমাস আদোলফো দুকো স্টেডিয়ামেও যাওয়া বন্ধ হয়ে যায় তার।

২০২৪ সালে টিএনকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের আক্ষেপের কথা জানিয়েছিলেন বাবিংটন। তিনি বলেছিলেন, ‘দলের খেলা দেখতে স্টেডিয়ামে যেতে পারি না, এটা আমাকে কষ্ট দেয়। তবে সৌভাগ্যবশত, ভাইয়ের সঙ্গে দেখা করতে প্রায়ই পারকে পাতরিস এলাকায় যাই। দুর্ভাগ্যজনকভাবে, হুরাকান আমার বিরুদ্ধে মামলা করেছে, যা এখনো নিষ্পত্তি হয়নি। আদালত যখন জানাবে যে আমি হুরাকানের কোনো ক্ষতি করিনি, তখনই স্টেডিয়ামে ফিরব।’