...|...|...

শিক্ষা

মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন শুরু ৩০ আগস্ট

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, সকাল ৬:৫০ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:২৪
Shares
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন শুরু ৩০ আগস্ট

ছবি: সংগৃহীত

বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের শূন্য পদের বিপরীতে অন্তর্বর্তীকালীন বদলির আবেদন গ্রহণের নির্দেশনা দিয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। স্বয়ংক্রিয় সফটওয়্যার চালুর আগ পর্যন্ত এ প্রক্রিয়ায় আবেদন নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মোজাম্মেল হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রদর্শিত শূন্য পদের তালিকা থেকে পছন্দক্রম অনুযায়ী আবেদন করতে হবে। নির্ধারিত ছকের আবেদনের সঙ্গে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র, প্রথম ও শেষ এমপিও কপি, যোগদানপত্র এবং প্রত্যয়নপত্র সংযুক্ত করে মহাপরিচালক বরাবর পাঠাতে হবে।

বদলি নীতিমালার শর্ত অনুযায়ী, আবেদনকারীর বর্তমান কর্মস্থলে চাকরির মেয়াদ কমপক্ষে দুই বছর হতে হবে। প্রতিষ্ঠানপ্রধান আবেদনগুলো যাচাই-বাছাই করে অগ্রায়নপত্রের (ফরোয়ার্ড) মাধ্যমে অধিদপ্তর পাঠাবেন। তবে কারো বিরুদ্ধে এমপিও স্থগিত, বরখাস্ত বা ফৌজদারি মামলা থাকলে তার আবেদন পাঠানো যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভুল তথ্য প্রদান বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট শিক্ষক ও প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তদবির করলে আবেদন বাতিলসহ বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

আগ্রহী শিক্ষকেরা আগামী ৬ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের নির্দেশনা মেনে আবেদন করতে পারবেন।