...|...|...

সারাদেশ

মাদারীপুরে সম্পত্তি জালিয়াতি ও ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, দুপুর ১:৫৬
Shares
মাদারীপুরে সম্পত্তি জালিয়াতি ও ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন। ছবি: টাইমস টুডে

মাদারীপুরের কালকিনিতে পোস্টমাস্টার মরহুম আব্দুস সামাদ সরদারের রেকর্ডীয় সম্পত্তি জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ এবং ক্রয় করা জমিতে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার ও জমির ক্রেতারা।

রবিবার (৪ অক্টোবর) দুপুরে কালকিনি মডেল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন কুয়েতপ্রবাসী এবং জমির ক্রয়সূত্রে মালিক আব্দুল আলীম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৫৪ সালে আব্দুস সামাদ সরদারের মৃত্যুর পর তার পালকপুত্র লাল মিয়া তৎকালীন ভূমি জরিপে নিজেকে তার ঔরসজাত সন্তান পরিচয় দিয়ে জালিয়াতির মাধ্যমে খতিয়ানে নাম অন্তর্ভুক্ত করেন। পরে হেবা দলিলের মাধ্যমে ওই সম্পত্তি হস্তগত করা হয় বলে অভিযোগ করা হয়।

ভুক্তভোগীদের দাবি, এ নিয়ে বিরোধের পর আদালত ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে জালিয়াতির বিষয়টি প্রমাণিত হয়। এ ঘটনায় লাল মিয়ার ওয়ারিশ সাইদুল কবীর মুকুলসহ কয়েকজনের বিরুদ্ধে কারাদণ্ড ও অর্থদণ্ডের সাজা হয় বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

তবে ভুক্তভোগীদের অভিযোগ, সাজা হওয়ার পরও হয়রানি বন্ধ হয়নি। আব্দুস সামাদ সরদারের উত্তরসূরিদের কাছ থেকে ক্রয়সূত্রে মালিক হওয়া ১৯ দশমিক ৩৬ শতাংশ জমির মালিকদের কাছে লাল মিয়ার ওয়ারিশরা ৫০ লাখ টাকা চাঁদা দাবি করছেন। টাকা না দিলে জমি দখলের চেষ্টা ও বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

এ ছাড়া গণমাধ্যমে জমি নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যক্তিরা। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও তা মানা হয়নি দাবি করে প্রকৃত তথ্য তুলে ধরতে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

সংবাদ সম্মেলনে কুয়েতপ্রবাসী আব্দুল আলীম, তার স্ত্রী তানিয়া খানম, প্রতিবেশী খায়রুল বাসারসহ ভুক্তভোগী পরিবার ও জমির ক্রেতারা উপস্থিত ছিলেন।