...|...|...

সারাদেশ

মাছ চুরির সন্দেহে রাতভর নির্যাতন, প্রাণ গেল ঘের ব্যবসায়ীর

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:১০
Shares
মাছ চুরির সন্দেহে রাতভর নির্যাতন, প্রাণ গেল ঘের ব্যবসায়ীর

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: টাইমস টুডে

সাতক্ষীরার তালায় মাছ চুরির সন্দেহে ক্ষিতিশ মন্ডল (৫২) নামে এক ঘের ব্যবসায়ীকে রাতভর নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে। তাকে গাছের সাথে বেঁধে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া ও মাথায় কোপানোর অভিযোগ করেছেন স্বজনেরা।

শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১২টার দিকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ক্ষিতিশ মন্ডল তালা সদর উপজেলার জেয়ালা গ্রামের মৃত মনিন্দ্র নাথ মন্ডলের ছেলে।

নিহতের চাচাতো ভাই পার্থ মন্ডল জানান, জেয়ালা উত্তর খোলা বিলে বিশ্বনাথ ঘোষের মাছের ঘেরে চুরির সন্দেহে রাত ৩টার দিকে ক্ষিতিশ মন্ডলকে আটক করা হয়। পরে বিশ্বনাথ ঘোষ, শিমুল ঘোষ, সমর ঘোষ, ইব্রাহিম খাঁ, হাবিবুর গাজী, গফফার শেখসহ ১০ থেকে ১৫ জন তাকে জেয়ালা শ্মশানঘাট এলাকায় একটি গাছের সাথে বেঁধে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।

পার্থ মন্ডলের অভিযোগ, রাত ৩টা থেকে ভোর পর্যন্ত ক্ষিতিশকে নির্যাতন করা হয়। এতে তার হাত-পা ভেঙে যায় এবং মাথায় কোপ দেওয়া হয়। এমনকি তার চোখ তুলে নেওয়ারও চেষ্টা করা হয়।

তিনি আরও জানান, শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয়দের সহযোগিতায় ক্ষিতিশকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।

ক্ষিতিশ মন্ডল নিজেও মাছের ঘের ব্যবসায়ী ছিলেন। তার চার বিঘা জমিতে মাছের ঘের রয়েছে। ক্ষোভ প্রকাশ করে পার্থ মন্ডল বলেন, ‘চুরির সন্দেহে একটা মানুষকে এভাবে পিটিয়ে মেরে ফেলবে?’

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী জানান, ঘেরে মাছ চুরির সন্দেহে মারধরের ঘটনায় ক্ষিতিশ মন্ডলের মৃত্যু হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।