...|...|...

সারাদেশ

বিদেশে চিকিৎসা নির্ভরতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৫২
Shares
বিদেশে চিকিৎসা নির্ভরতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি

ছবি: টাইমস টুডে

মেরুদণ্ডের উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমাতে দেশের প্রতিটি সরকারি মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতালে পৃথক স্পাইন ইউনিট চালুর দাবি জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মাহমুদুল হাসান পলাশ। একই সাথে স্পাইন সার্জনদের জন্য পৃথক পদ সৃষ্টি ও প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। তার মতে, সরকারি হাসপাতালে বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে সাধারণ মানুষ কম খরচে উন্নত চিকিৎসা পাবেন, পাশাপাশি দেশের অর্থও সাশ্রয় হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিশ্ব স্পাইন দিবস উপলক্ষে সাতক্ষীরা স্পেশালাইজড হাসপাতালের উদ্যোগে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘Spine Health for Life’—অর্থাৎ আজীবন মেরুদণ্ডের সুস্বাস্থ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক এবং অর্থোপেডিকস, ট্রমা ও স্পাইন বিশেষজ্ঞ ডা. মাহমুদুল হাসান পলাশ। কর্মসূচিতে চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকেরা অংশ নেন।

আলোচনা সভায় ডা. মাহমুদুল হাসান বলেন, সুস্থ মেরুদণ্ড স্বাভাবিক জীবনযাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাঁটাচলা, দৌড়ানো, হাত দিয়ে কাজ করা থেকে শুরু করে দৈনন্দিন নানা কর্মকাণ্ডে মেরুদণ্ডের সুস্থতার ভূমিকা রয়েছে। তাই মেরুদণ্ডের বিভিন্ন রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মেরুদণ্ড সুস্থ রাখতে পুষ্টিকর খাবার গ্রহণ, ফাস্ট ফুড ও জাঙ্ক ফুড পরিহার, নিয়মিত হাঁটাচলা এবং পর্যাপ্ত ঘুমের পরামর্শ দেন তিনি। পাশাপাশি দীর্ঘ সময় নিষ্ক্রিয় না থেকে নিয়মিত শারীরিক কর্মকাণ্ডে যুক্ত থাকার ওপর গুরুত্ব দেন এই বিশেষজ্ঞ চিকিৎসক।

মেরুদণ্ডের ব্যথাকে অবহেলা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধের দোকান থেকে ব্যথানাশক ওষুধ কিনে সেবন করেন। এতে কিডনি ও যকৃতের ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে।

মেরুদণ্ডের ব্যথার পেছনে শুধু ডিস্কের সমস্যা নয়, যক্ষ্মা, ক্যানসার, হাড়ের ক্ষয়, কাইফোসিস, স্কলিওসিস ও অস্টিওপোরোসিসজনিত হাড় ভাঙার মতো সমস্যাও থাকতে পারে। তাই ব্যথার প্রকৃত কারণ নির্ণয় করে যথাযথ চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সরকারি হাসপাতালে উন্নত স্পাইন চিকিৎসার সুযোগ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে ডা. মাহমুদুল হাসান বলেন, বেসরকারি হাসপাতালে মেরুদণ্ডের জটিল রোগের চিকিৎসা অনেকের সামর্থ্যের বাইরে। ফলে সাধারণ ও দরিদ্র রোগীদের জন্য সরকারি হাসপাতালেই বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতালগুলোতে পৃথক স্পাইন ইউনিট চালু, স্পাইন সার্জনদের জন্য পদ সৃষ্টি এবং তাদের দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।


তিনি আরও বলেন, মেরুদণ্ডের উন্নত চিকিৎসার জন্য অনেক রোগী বিদেশে যাচ্ছেন। দেশে প্রয়োজনীয় বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা কমবে। এতে রোগীদের ভোগান্তি ও ব্যয় কমার পাশাপাশি দেশের অর্থ সাশ্রয় হবে। এ জন্য সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ডা. মাহমুদুল হাসান জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি ব্যবস্থাপনায় স্পাইন চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। সাতক্ষীরাতেও এ ধরনের সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বাপ্পী কুমার দাশ, প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সাতক্ষীরা পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর, ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাতক্ষীরা সুলতানপুর বড়বাজার কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সভাপতি রওশন আলী এবং সাধারণ সম্পাদক রজব আলী খাঁসহ অন্যরা।