...|...|...

রাজনীতি

মহাসড়কের দুরবস্থার কারণে ১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, রাত ৯:৪৫
Shares
মহাসড়কের দুরবস্থার কারণে ১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ছবি: সংগৃহীত

ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অবস্থার কারণে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য রেলপথে লংমার্চ করার পরিকল্পনা করেছিল । তবে আগামী ২১ নভেম্বরের নির্ধারিত কর্মসূচিটি স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) জামায়াতের কেন্দ্রীয় নেতারা জানান, সিলেটমুখী মহাসড়কের দুরবস্থার কারণে স্থানীয় পর্যায় থেকে রেলপথে লংমার্চের প্রস্তাব আসে। পরিকল্পনা অনুযায়ী, ট্রেনে সিলেটে গিয়ে রেলস্টেশনের কাছাকাছি কোনো স্থানে পথসভা করার চিন্তা ছিল। এতে সড়কপথে সাধারণ মানুষের দুর্ভোগ এড়ানো সম্ভব হবে বলে মনে করেছিলেন নেতারা।

এ বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, আপাতত সিলেটমুখী লংমার্চের নতুন কোনো তারিখ ঠিক করা হয়নি। দলের শীর্ষ নেতারা বৈঠক করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

অন্যদিকে ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, আগের কর্মসূচিগুলোর মূল্যায়ন এবং দেশের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

উল্লেখ্য, গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে গত ৬ আগস্ট চার বিভাগে ধারাবাহিক লংমার্চের কর্মসূচি ঘোষণা করে ১১-দলীয় ঐক্য। রাজধানীর মুক্তাঙ্গনে আয়োজিত এক অবস্থান কর্মসূচি থেকে জামায়াতের আমির শফিকুর রহমান এ ঘোষণা দেন।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম এবং ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চ করে ১১ দল। এরপর তৃতীয় কর্মসূচি হিসেবে ৩১ অক্টোবর খুলনা বিভাগ অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ায় ওই কর্মসূচির সমাপনী সমাবেশ হয়।