...|...|...

বিশ্ব

মরিশাসে কাচের বাক্স চাপা পড়ে প্রাণ গেল ৩ বাংলাদেশির

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, সকাল ১১:২৭ | আপডেট: ৬ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৪৩
Shares
মরিশাসে কাচের বাক্স চাপা পড়ে প্রাণ গেল ৩ বাংলাদেশির

ছবি: সংগৃহীত

মরিশাসে কর্মস্থলে মর্মান্তিক এক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি একটি ভারী বাক্স নামানোর সময় তা ওপরের দিক থেকে উল্টে তাদের ওপর পড়লে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে দেশটির উত্তরাঞ্চলের প্লেইন-দে-পাপাইয়েস এলাকার মসজিদ রোডে একটি প্রতিষ্ঠানের চত্বরে এই দুর্ঘটনা ঘটে। মরিশাসের স্থানীয় সংবাদমাধ্যম ‘ল্য ডেফি মিডিয়া’ ও ‘ল্য মরিসিয়েন’-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

নিহত তিন বাংলাদেশি শ্রমিক হলেন-মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) এবং সিকদার জুবায়েদ ইসলাম (২৫)।

মরিশাসের গণমাধ্যমের তথ্যানুযায়ী, ঘটনার দিন ওই প্রতিষ্ঠানের কর্মীরা একটি কনটেইনার থেকে ৬ ফুট বাই ৮ ফুট আকৃতির ৪১টি ভারী কাচের পাতযুক্ত একটি বিশাল বাক্স সরানোর কাজ করছিলেন। নামানোর একপর্যায়ে হঠাৎ ভারসাম্য হারিয়ে ভারী বাক্সটি তাদের ওপর পড়ে যায়। কাচসহ বাক্সটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়।

খবর পেয়ে প্লেইন-দে-পাপাইয়েস থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ তিনটি উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠান।

এদিকে কর্মস্থলে প্রয়োজনীয় নিরাপত্তা বিধি ও ভারী সরঞ্জাম ওঠানামার ক্ষেত্রে যথাযথ সতর্কতা মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে স্থানীয় পুলিশ ও শ্রম মন্ত্রণালয় পৃথক তদন্ত শুরু করেছে। কোনো অবহেলার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী রেজা উতিম জানান, তদন্তে দুর্ঘটনার পরিস্থিতি উদ্ঘাটন করতে হবে, নিরাপত্তা মানদণ্ড মানা হয়েছিল কিনা এবং কর্মীদের কাছে প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ছিল কিনা তা যাচাই করতে হবে।

তার বিবৃতিতে মন্ত্রী উল্লেখ করেন যে, নিয়োগকর্তাকে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং পরিবার চাইলে মরদেহগুলো বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে। তিনি তাদের প্রতি সমবেদনাও প্রকাশ করেন।

নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করা হয়েছে।