...|...|...

বিশ্ব

মদিনার তাবলিগের শীর্ষ মুরুব্বি শেখ গাসসান আর নেই

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, বিকেল ৫:২২ | আপডেট: ৯ নভেম্বর ২০২৬, বিকেল ৫:২৪
Shares
মদিনার তাবলিগের শীর্ষ মুরুব্বি শেখ গাসসান আর নেই

শেখ গাসসান। ছবি: সংগৃহীত

মদিনা মুনাওয়ারার তাবলিগ জামাতের আন্তর্জাতিক পর্যায়ের অন্যতম শীর্ষ মুরুব্বি শেখ গাসসান ইন্তেকাল করেছেন। 

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ সময় জোহরের নামাজের পর দুপুরে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ি নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান সংবাদমাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেখ গাসসান মদিনা মুনাওয়ারার আহলে বাইতের একজন সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরে তাবলিগ জামাতের দাওয়াতি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। আরব বিশ্বের বিশিষ্ট আলেম ও মাশায়েখদের সাথেও তার নিবিড় সম্পর্ক ছিল।

তিনি হজরত মাওলানা এনামুল হাসান (রহ.), হজরত মাওলানা জুবাইরুল হাসান (রহ.) ও হজরত মাওলানা ইবরাহিম দেওলা (হাফি.)-এর সান্নিধ্য লাভ করেন। দীর্ঘ সময় তাদের খেদমতে নিয়োজিত থাকার পাশাপাশি দ্বীনি দাওয়াতের কাজে নিজেকে সম্পৃক্ত রাখেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ দশক আগে উচ্চশিক্ষা গ্রহণের উদ্দেশ্যে শেখ গাসসান ও শেখ ফাদিল যুক্তরাষ্ট্রের ডেনভার শহরে যান। সেখানে ইউনিভার্সিটি অব ডেনভারে পড়াশোনার সময় তারা তাবলিগ জামাতের কার্যক্রমের সাথে যুক্ত হন।

শিক্ষার্থী অবস্থাতেই উত্তর আমেরিকায় বসবাসরত আরব জনগোষ্ঠীর মধ্যে ইসলামের দাওয়াত প্রচারে সক্রিয় ভূমিকা রাখতে শুরু করেন তারা। পরবর্তী সময়ে শেখ গাসসান মদিনা মুনাওয়ারায় এবং শেখ ফাদিল জেদ্দায় তাবলিগের দাওয়াতি কার্যক্রমে আত্মনিয়োগ করেন।

বাংলাদেশের তাবলিগ জামাতের সাথেও শেখ গাসসানের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। প্রতিবছর টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ নিতে বাংলাদেশ সফর করতেন তিনি। এ দেশের তাবলিগের প্রবীণ মুরুব্বি ও সাথিদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।