...|...|...

বিশ্ব

মক্কায় আকস্মিক বন্যার তাণ্ডবে ভেসে গেল ৩ শিশু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, রাত ১০:৪৯
Shares
মক্কায় আকস্মিক বন্যার তাণ্ডবে ভেসে গেল ৩ শিশু

ছবি: সংগৃহীত

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় আকস্মিক পাহাড়ি ঢল ও তীব্র বন্যার পানিতে তিন শিশু ভেসে যাওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। এতে এক শিশুর মৃত্যু হয়েছে এবং অপর এক শিশু এখনও নিখোঁজ রয়েছে। এই পরিস্থিতিতে উদ্ধার ও তল্লাশি অভিযান চালাচ্ছে দেশটির সিভিল ডিফেন্স বাহিনী।

বুধবার (২১ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম ‘গালফ নিউজ’-এর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার মক্কায় তিন শিশু প্রবল স্রোতে ভেসে গেছে—এমন খবর পাওয়ার সাথে সাথেই জরুরি উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে ছুটে যায়।

সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, উদ্ধারকর্মীরা তাৎক্ষণিক প্রচেষ্টায় এক শিশুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তবে তল্লাশির পর দ্বিতীয় শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়া ভেসে যাওয়া তৃতীয় শিশুটির সন্ধান পেতে জোরেশোরে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছেন উদ্ধারকর্মীরা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সিভিল ডিফেন্স এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। একইসাথে ভারী বৃষ্টিপাতের সময় জনসাধারণকে অত্যন্ত সতর্ক থাকার এবং বিশেষ করে আকস্মিক বন্যার ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে দূরে থাকার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে যে, নাগরিক, আবাসিক ও দর্শনার্থীরা যেন কোনোভাবেই গিরিখাত, বর্জ্য ও পানির নিষ্কাশন চ্যানেল এবং নিচু এলাকাগুলোর কাছাকাছি না যান, যেখানে দ্রুত বৃষ্টির পানি জমে যেতে পারে। ভারী বৃষ্টিপাতের সময় দ্রুত গতিতে প্রবাহিত পানি উপত্যকা দিয়ে যাওয়ার কারণে আকস্মিক বন্যা চরম বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে।

অস্থির আবহাওয়া পরিস্থিতিতে বন্যাপ্রবণ স্থানগুলো এড়িয়ে চলতে এবং সব ধরনের আনুষ্ঠানিক নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার ওপর আবারও গুরুত্বারোপ করেছে সিভিল ডিফেন্স। তবে ঠিক কী পরিস্থিতিতে এই দুর্ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা যায়নি। নিখোঁজ শিশুকে খুঁজে বের করতে উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।