...|...|...

বিশ্ব

ভোট শেষ না হতেই কারচুপির অভিযোগ নেতানিয়াহুর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, রাত ১১:২৩
Shares
ভোট শেষ না হতেই কারচুপির অভিযোগ নেতানিয়াহুর

ছবি: সংগৃহীত

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই কারচুপির অভিযোগ তুলেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার দাবি, প্রতিপক্ষরা নির্বাচনের ফল নিজেদের পক্ষে নিতে ভোট কারচুপির চেষ্টা করছে। তবে দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, পরিকল্পিত বা ব্যাপক কারচুপির কোনো প্রমাণ পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলার মধ্যে সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভিডিওবার্তায় নেতানিয়াহু এসব অভিযোগ করেন। ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।

ভিডিওবার্তায় নেতানিয়াহু বলেন, ‘তারা আমাদের কাছ থেকে নির্বাচন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে।’ তার অভিযোগ, আরব-অধ্যুষিত এলাকায় ভোটার উপস্থিতি বেড়েছে এবং ভোট কেনাবেচার সন্দেহে রা’আম দলের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনাকে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করে সমর্থকদের দ্রুত ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি।

নেতানিয়াহু আরও বলেন, ‘আপনাদেরও দ্রুত ভোটকেন্দ্রে যেতে হবে। সমুদ্রসৈকতে যাওয়া নয়, বারবিকিউ নয়-সবাইকে লিকুদকে ভোট দিতে হবে।’

তবে তার অভিযোগের পক্ষে ব্যাপক বা পদ্ধতিগত নির্বাচনী কারচুপির প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিশন। কমিশনের ভাষ্য অনুযায়ী, ভোটের ব্যালট নিয়ে কিছু বিচ্ছিন্ন অভিযোগ পাওয়া গেলেও সেগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট ঘটনাগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি অভিযোগ করেছে, নির্বাচনের ফল চ্যালেঞ্জ করার ক্ষেত্র প্রস্তুত করতেই আগেভাগে কারচুপির কথা বলছেন প্রধানমন্ত্রী। দলটির দাবি, নির্বাচনে পরাজিত হলে ফলাফল নিয়ে প্রশ্ন তোলার কৌশল হিসেবে এসব বক্তব্য দেওয়া হচ্ছে।

নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টির সাথে আইজেনকোটের ইয়াশার পার্টির প্রতিদ্বন্দ্বিতা চলছে। ভোটাররা পার্লামেন্টের ১২০টি আসনের জন্য রাজনৈতিক দলগুলোকে ভোট দিচ্ছেন। কোনো দল এককভাবে অন্তত ৬১টি আসন না পেলে সরকার গঠনে জোটের প্রয়োজন হবে।

স্থানীয় সময় রাত ১০টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও ভোটকেন্দ্রে সারি থাকলে সময় বাড়ানো হতে পারে। ভোট শেষ হওয়ার পর বুথফেরত জরিপ থেকে প্রাথমিক ধারণা পাওয়া যাবে। তবে চূড়ান্ত ফল ও নতুন সরকার গঠনের চিত্র স্পষ্ট হতে আরও সময় লাগতে পারে।