...|...|...

বিশ্ব

ভোটের সময় বাড়ানোর অনুরোধ নেতানিয়াহুর লিকুদ পার্টির

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, রাত ১২:০৩
Shares
ভোটের সময় বাড়ানোর অনুরোধ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ছবি: সংগৃহীত

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণের সময় বাড়ানোর অনুরোধ জানিয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। ভোটকেন্দ্রগুলোতে দীর্ঘ সারি ও অতিরিক্ত ভিড়ের কথা উল্লেখ করে মঙ্গলবার (২৭ অক্টোবর) দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির কাছে এ আবেদন জানানো হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট ও দ্য টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে। লিকুদ পার্টির পাশাপাশি অতি-ডানপন্থি ও অতি-রক্ষণশীল কয়েকটি দলও ভোটগ্রহণের সময় বাড়ানোর অনুরোধে যুক্ত হয়েছে।

বর্তমান নিয়ম অনুযায়ী, অধিকাংশ ভোটকেন্দ্রে স্থানীয় সময় রাত ১০টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা। তবে ভোটকেন্দ্রে নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত ভোটারদের সবাই ভোট দেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছে নির্বাচন কর্তৃপক্ষ। ভোটের সময় আনুষ্ঠানিকভাবে বাড়ানো হবে কি না, সে সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান বিচারপতি নোয়াম সোলবার্গ।

লিকুদ পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন ভোটকেন্দ্রে অস্বাভাবিক ভিড়ের খবর পাওয়া গেছে। এতে দলটির সমর্থকদের ভোট দেওয়ার সুযোগ বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তারা।

এদিকে বিরোধী দল গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টি ভোটের সময় বাড়ানোর আবেদনের বিরোধিতা করেছে। দলটির দাবি, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার মতো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়নি। বরং নির্বাচনের স্বচ্ছতা নিয়ে পরবর্তী সময়ে প্রশ্ন তোলার ক্ষেত্র তৈরির উদ্দেশ্যে এ আবেদন করা হয়েছে বলে অভিযোগ করেছে তারা।

নির্বাচন কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী, ভোটার উপস্থিতি এবার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত যোগ্য ভোটারদের ৬৬ দশমিক ৭ শতাংশ ভোট দিয়েছেন বলে দ্য গার্ডিয়ান জানিয়েছে।

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ১২০টি আসনের জন্য এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা চলছে। সরকার গঠনে অন্তত ৬১টি আসনের সমর্থন প্রয়োজন। কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে জোট গঠনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করতে হবে।