...|...|...

ঢাকা

ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন, হাজিরা খাতায় আগাম স্বাক্ষর দেখে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, বিকেল ৫:৫২ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫৬
Shares
ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন, হাজিরা খাতায় আগাম স্বাক্ষর দেখে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ সদর ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সদর ভূমি অফিসে সোমবার (৩১ আগস্ট) আকস্মিক পরিদর্শন চালিয়ে অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীকে অনুপস্থিত পেয়েছেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল। একই সাথে অফিসে না থেকেও কর্মচারীদের আগের দিনের হাজিরা খাতায় অগ্রিম স্বাক্ষর করার ঘটনাও তার নজরে এসেছে।

সকাল ৮টা ৫৫ মিনিটে নিজ গাড়িতে করে নারায়ণগঞ্জের সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ সার্কেল ভূমি অফিসে পৌঁছান প্রতিমন্ত্রী। পরিদর্শনের সময় অফিসে মাত্র দুজন স্টাফকে পাওয়া যায়। তবে তিন সার্কেলের সহকারী কমিশনারসহ (ভূমি) জ্যেষ্ঠ কোনো কর্মকর্তাই তখন কার্যালয়ে ছিলেন না।

পরিদর্শনকালে সার্বিক অব্যবস্থাপনা দেখে চরম অসন্তোষ প্রকাশ করেন মীর হেলাল। হাজিরা খাতা পর্যালোচনার সময় উপস্থিত না থাকা সত্ত্বেও কর্মকর্তা-কর্মচারীদের আগের দিনের সই থাকার বিষয়টি দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

পরিদর্শনের প্রায় ২৬ মিনিট পর সকাল ৯টা ২১ মিনিটে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া সেখানে এলে তার কাছে এসব অনিয়ম তুলে ধরেন প্রতিমন্ত্রী। অতিরিক্ত জেলা প্রশাসক অনুপস্থিতির বিষয়ে নানা যুক্তি দেখালেও অসন্তোষ বজায় থাকে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, ‘অফিসে উপস্থিত না হয়ে আগের দিন হাজিরা খাতায় সাইন করা অত্যন্ত দুঃখজনক। এখানকার চরম অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।’ তিনি অবিলম্বে নিয়মিত উপস্থিতি ও কাঙ্ক্ষিত নাগরিক সেবা নিশ্চিতের কঠোর নির্দেশ দেন।