...|...|...

বিশ্ব

ভিসা-মাস্টারকার্ডে বড় সাইবার হামলা, গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ফাঁস

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, দুপুর ১২:২৯
Shares
ভিসা-মাস্টারকার্ডে বড় সাইবার হামলা, গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ফাঁস

ছবি: সংগৃহীত

বিশ্বের বড় তিন আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগান চেজ, ভিসা ও মাস্টারকার্ডকে সেবা দেওয়া একটি তৃতীয় পক্ষের প্রতিষ্ঠানে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে হাজারো গ্রাহকের নাম, ইমেইল ঠিকানাসহ কিছু ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে বলে জানা গেছে।

তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, ব্যাংক হিসাব, কার্ড নম্বর কিংবা আর্থিক লেনদেনসংক্রান্ত কোনো সংবেদনশীল তথ্য চুরি হয়নি।

এন০এন নামে একটি হ্যাকার গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। তবে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এসওসিআরাডার জানিয়েছে, গোষ্ঠীটির দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেপি মরগান চেজ জানায়, তাদের একটি তৃতীয় পক্ষের সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলার ঘটনা ঘটেছে।

তবে কোন প্রতিষ্ঠানে হামলা হয়েছে, সে বিষয়ে ব্যাংকটি বিস্তারিত প্রকাশ করেনি।

জেপি মরগান চেজ বলেছে, প্রাথমিক তদন্তে তাদের ধারণা, হামলাকারীরা ওই সেবাদাতা প্রতিষ্ঠানে থাকা কিছু বিপণনসংক্রান্ত তথ্য হাতিয়ে নিয়েছে। এর মধ্যে কয়েকজন গ্রাহকের নাম ও ইমেইল ঠিকানা থাকতে পারে।

ব্যাংকটি আরও জানিয়েছে, যেসব গ্রাহক এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সাথে সরাসরি যোগাযোগ করা হবে। পাশাপাশি তাদের বিনা মূল্যে ক্রেডিট পর্যবেক্ষণসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

জেপি মরগানের দাবি, এই হামলার কারণে তাদের কোনো সেবা বন্ধ বা ব্যাহত হয়নি। চলতি সপ্তাহের শুরুতে গ্রাহকেরা যে তথ্যপ্রযুক্তিগত সমস্যার মুখে পড়েছিলেন, তার সাথে এ সাইবার হামলার কোনো সম্পর্ক নেই।

গত এক সপ্তাহে জেপি মরগান চেজ, ইউনাইটেড এয়ারলাইনস এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) কম্পিউটার ব্যবস্থায়ও বিভিন্ন ধরনের বিভ্রাট দেখা গেছে।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এসওসিআরাডার বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, এন০এন নামে একটি হ্যাকার গোষ্ঠী জেপি মরগানের সেবাদাতা প্রতিষ্ঠানে হামলার দায় স্বীকার করেছে। নিজেদের দাবির পক্ষে কিছু নথিও প্রকাশ করেছে তারা।

তবে ওই নথি ও দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে এসওসিআরাডার।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, হ্যাকার গোষ্ঠীটির উৎপত্তি রাশিয়ায়। গত সেপ্টেম্বর থেকে তারা সক্রিয় রয়েছে। বিশ্বজুড়ে প্রায় ২০০টি প্রতিষ্ঠানের নেটওয়ার্কে হামলা চালানোর দাবিও করেছে গোষ্ঠীটি।

এদিকে ভিসা জানিয়েছে, তারা এ ধরনের দাবির বিষয়ে অবগত। যে সেবাদাতা প্রতিষ্ঠানটি হামলার শিকার হয়েছে, সেটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত।

ভিসা বলেছে, তাদের নিজস্ব সিস্টেমে হামলা হয়নি এবং প্রতিষ্ঠানটির কোনো সিস্টেমও ক্ষতিগ্রস্ত হয়নি। কার্ড নম্বরসহ কোনো পেমেন্টসংক্রান্ত তথ্যও ফাঁস হয়নি বলে দাবি করেছে তারা।

মাস্টারকার্ডও প্রায় একই ধরনের বক্তব্য দিয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্দিষ্ট একটি সুবিধা কর্মসূচির আওতায় থাকা কিছু কার্ডধারীর সীমিত পরিমাণ অ-পেমেন্টসংক্রান্ত তথ্য প্রকাশ হয়ে থাকতে পারে।

মাস্টারকার্ড আরও বলেছে, ক্ষতিগ্রস্ত কার্ডধারীদের প্রয়োজনীয় সহায়তা দিতে সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সংশ্লিষ্ট দল কাজ করছে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ফাঁস হওয়া তথ্যের উৎস ও পুরো ব্যাপ্তি এখনও পুরোপুরি পরিষ্কার নয়। তবে এতে হাজারো গ্রাহকের ব্যক্তিগত তথ্য জড়িত থাকতে পারে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দাবি, এই ঘটনার কারণে পেমেন্ট সেবায় কোনো বিঘ্ন ঘটেনি এবং সপ্তাহের শুরুতে ব্যাংকিং সেবায় দেখা দেওয়া বিভ্রাটের সাথেও এ সাইবার হামলার কোনো যোগ নেই।