...|...|...

অপরাধ

ভিডিওবার্তার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার সাঈদ খোকন, যেসব মামলা ও অভিযোগ রয়েছে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৪০ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৪৭
Shares
ভিডিওবার্তার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার সাঈদ খোকন, যেসব মামলা ও অভিযোগ রয়েছে

ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারের আগে নিজের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলা নিয়ে ক্ষোভ প্রকাশ করে একটি ভিডিওবার্তা দেন সাঈদ খোকন। সেখানে তিনি দাবি করেন, পুরো বাংলাদেশ যেন একটি কারাগারে পরিণত হয়েছে। বারবার কেন তার ওপরই খড়্গ নেমে আসছে, সেই প্রশ্নও তোলেন তিনি। একই সাথে দলীয় প্রধান শেখ হাসিনার দেশে ফেরার কথাও বলেন।

এসআরবি সূত্র জানায়, ব্যাটালিয়নটির এসআরবি-১-এর একটি দল রাজধানীর বারিধারার রোড-৯-এর ১৩ নম্বর বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেফতার করে। পরে সকালে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, গ্রেফতারের পর তাকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

অর্থপাচার ও দুর্নীতির অভিযোগ

সাঈদ খোকনের বিরুদ্ধে অর্থপাচার, অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে মামলা এবং অনুসন্ধান চলছে। এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক মামলায়ও তাকে আসামি করা হয়েছে।

২০২৫ সালের ১৩ নভেম্বর সাঈদ খোকন, তার বোন শাহানা হানিফ ও একজন কর্মচারীর বিরুদ্ধে ৫৪ কোটি টাকা অর্থপাচারের অভিযোগে মামলা করার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ ছাড়া মেয়র ও সংসদ সদস্য থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে দেশে-বিদেশে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগেও তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ও মামলা রয়েছে।

দুর্নীতির অভিযোগ তদন্তের অংশ হিসেবে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তার পরিবারের কয়েকজন সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন। পরবর্তী সময়ে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি আদালত তার ও পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন।

একই বছরের ২৬ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাঈদ খোকন, তার স্ত্রী ফারহানা সাঈদ ও মা শাহানা হানিফের নামে থাকা তিনটি পারপিচ্যুয়াল বন্ডে ৯০ কোটি টাকার বিনিয়োগ অবরুদ্ধ করার আদেশ দেন।

এ ছাড়া গুলশানে তার মালিকানাধীন ১৪ তলা ভবন, বনানীর দুটি বাড়ি এবং বারিধারার জমি ও বাড়ি জব্দের নির্দেশ দেওয়া হয়।

পরিবারের বিরুদ্ধে ২৯৭ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ

সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রায় ২৯৭ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ রয়েছে। এর মধ্যে শুধু সাঈদ খোকনের বিরুদ্ধেই ৯৪ কোটি ২০ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে।