...|...|...

সারাদেশ

ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে আ.লীগ: চসিক প্রশাসক

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ২:৪৭
Shares
ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে আ.লীগ: চসিক প্রশাসক

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের নেতাকর্মীরা সরাসরি রাজপথে না নেমে ছিনতাইকারী, টোকাই ও কিশোর গ্যাংয়ের সদস্যদের অর্থের বিনিময়ে ভাড়া করে বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি মোড়ে নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেও সকাল ৭টার আগে থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা কাজীর দেউড়ি মোড়ে জড়ো হয়ে নাশকতাবিরোধী স্লোগান দেন। পরে কাজীর দেউড়ি গোলচত্বরে সমাবেশ শেষে ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আসকার দিঘির পাড়, জামালখান মোড় ও প্রেসক্লাব প্রদক্ষিণ করে চেরাগী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের এখন আর রাজপথে দেখা যায় না, হারানো বিজ্ঞপ্তি দিয়ে তাদের খুঁজতে হচ্ছে। তারা রাতের অন্ধকারে কিছু টোকাই দিয়ে ফ্লাইওভারের ওপর থেকে বোমা মারছে। দেশ থেকে বিতাড়িত হয়ে বিদেশে বসে তারা আগুন সন্ত্রাস চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে শিশু ও শিক্ষার্থীদের হত্যার পরও তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই।’

এ সময় তিনি দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান।

সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা বোমাবাজি, লুটপাট, পুলিশের ওপর হামলা ও যানবাহনে অগ্নিসংযোগের সাথে জড়িত, তাদের পাশাপাশি এসব কর্মকাণ্ডের অর্থদাতা, পৃষ্ঠপোষক ও নির্দেশদাতাদেরও চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। অপরাধের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া যাবে না।

নগরীর শান্তিশৃঙ্খলা রক্ষায় বিএনপি নেতাকর্মীরা সজাগ থাকবে জানিয়ে ডা. শাহাদাত ঘোষণা দেন, নগরের প্রতিটি ওয়ার্ডে শান্তি মিছিল অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ‘প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথে এবং রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে। দীর্ঘ ১৬-১৭ বছরের আন্দোলন-সংগ্রাম ও জেল-জুলুম সহ্য করে দলের নেতাকর্মীরা খাঁটি সোনায় পরিণত হয়েছেন এবং দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা যেকোনো অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব।’

কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান ও ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম ও সরফরাজ কাদের রাসেল, মহানগর বিএনপি নেতা মো. শাহ আলম, জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, আমিন মাহমুদ, হাজী নুরুল আকতার, মনজুর রহমান চৌধুরী, আলহাজ্ব জাকির হোসেন ও নূর হোসাইন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা এবং চসিক জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক মো. আলাউদ্দীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।