ভারতের রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মহারাষ্ট্রের একই পরিবারের নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
রবিবার (২২ নভেম্বর) ভোরে কোটা-উদয়পুর মহাসড়কে একটি এসইউভি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে পুলিশের ধারণা, গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
পুলিশ জানায়, পরিবারের সদস্যরা খাতু শ্যাম মন্দির দর্শন শেষে মহারাষ্ট্রে ফিরছিলেন। শম্ভুপুরার কাছে রাত প্রায় ১টার দিকে তাদের বহনকারী গাড়িটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়েন।
কোটা জেলার পুলিশ সুপার তেজস্বিনী গৌতম জানান, গাড়ির সব যাত্রীই মহারাষ্ট্রের ধুলে জেলার বাসিন্দা। তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।
পুলিশ আরও জানিয়েছে, তীর্থযাত্রা শেষে পরিবারের সদস্যরা চারটি গাড়ির বহর নিয়ে ফিরছিলেন। দুর্ঘটনায় পড়ে বহরের একটি গাড়ি।
ওই গাড়িতে একই পরিবারের ১৬ জন সদস্য ছিলেন, যাদের মধ্যে শিশুও ছিল। নিহতদের মধ্যে রয়েছেন সাজ্জন (৬২), তার স্ত্রী উষা বাই (৬০), সুশীলা (৬২), কৈলাস (৩৫), তার স্ত্রী অনিতা (৩৪), বাবুলাল (৭৫) ও মাধবী (৩২) ।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সুপারসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের গাড়ি থেকে উদ্ধার করে কাছের হাসপাতালে নেওয়া হয়। নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


