ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ভেজাল বা বিষাক্ত মদপানে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে ১৮০ জনের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
স্থানীয় গণমাধ্যমের তথ্য বরাতে সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, মণিপুরের সুগনু শহরে গত এক সপ্তাহে যারা মদ পান করেছেন, তাদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা। একই সঙ্গে উৎস অজানা এমন মদ পান না করার পরামর্শ দিয়েছেন ডেপুটি পুলিশ কমিশনার।
শুক্রবার এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং বলেন, “এখন পর্যন্ত দুটি হাসপাতালে ১৮০ জনেরও বেশি রোগী ভর্তি হয়েছেন এবং গত ৪৮ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।”
ভারতে অবৈধ মদের ব্যবসা বেশ লাভজনক। লাইসেন্সপ্রাপ্ত ব্র্যান্ডের মদ কেনার সামর্থ্য না থাকায় মূলত নিম্ন আয়ের মানুষ এর ক্রেতা। মদের তীব্রতা বাড়াতে বিক্রেতারা প্রায়ই বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহার করেন।
এসব উপাদানের মধ্যে রয়েছে মিথানল। মাত্র ৬০ মিলিলিটারের মতো সামান্য পরিমাণ মিথানল পান করলেও মৃত্যু হতে পারে। এ ছাড়া ভারতে অনিয়ন্ত্রিত বা অবৈধ মদে ব্যাটারিতে ব্যবহৃত অ্যাসিডের উপস্থিতিও পাওয়া গেছে।
এর আগে ২০২০ সালে পাঞ্জাবে বিষাক্ত মদপানে অন্তত ১২০ জনের মৃত্যু হয়েছিল।


