কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ভারতে অবস্থান করে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।
তিনি বলেছেন, ১৯৪৯ সালে মওলানা ভাসানী যে আওয়ামী লীগ গঠন করেছিলেন, পরবর্তী সময়ে তিনি ন্যাপ গঠন করলে সেই দলের লোকেরাই তাকে ‘ভারতের চর’ বলে আখ্যা দিয়েছিলেন। অথচ আজ তারাই ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি এ সভার আয়োজন করে।
রিজভী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের গাড়ি ও বিএনপি নেতার বাড়িতে বোমা-ককটেল হামলা চালাচ্ছেন। তারা কলকাতা, দিল্লি ও ব্যাংককে ফ্ল্যাট কিনে সেখানে অবস্থান করছেন। সেখান থেকে ভিডিও বার্তার মাধ্যমে নাশকতার নির্দেশ দিচ্ছেন এবং দেশে কিছু লোককে দিয়ে বোমাবাজি করাচ্ছেন।
তিনি আরও বলেন, ব্যাংক লুটপাট ও প্লট দখলের পুরোনো ‘জমিদারি’ ফিরে পেতেই বোমাবাজির মাধ্যমে আবারও ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে। তবে যে জাতি মওলানা ভাসানী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতার জন্ম দিয়েছে, সেই জাতিকে বিদেশ থেকে উসকানি দিয়ে কিংবা বোমা মেরে দমানো যাবে না।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন দলটির প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন মওলানা ভাসানীর দৌহিত্র নজরুল হক নান্নু, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাহিদুর রহমান এবং ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়ালসহ অন্যরা।


