ক্রিকেট মাঠে ভারতীয় অধিনায়ক শুভমান গিলের কপালের পাশে ছোট একটি যন্ত্র দেখা যাওয়ার পর সেটি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। কানের সামনের দিকে, কপালের পাশে লাগানো এই ডিভাইসের নাম ‘টেম্পল’। সাধারণ স্মার্টওয়াচ বা ফিটনেস ব্যান্ডের মতো দেখতে না হলেও এর কাজ শরীরের শারীরবৃত্তীয় সংকেত পর্যবেক্ষণ করা।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে অনুশীলনে প্রথমবার গিলকে ডিভাইসটি ব্যবহার করতে দেখা যায়। বুধবার (৪ নভেম্বর) সিরিজের প্রথম ম্যাচেও তার কপালের পাশে একই যন্ত্র নজরে আসে। তবে ঠিক কী উদ্দেশ্যে তিনি এটি ব্যবহার করছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
প্রায় ৮৫ হাজার ভারতীয় রুপি দামের এই প্রযুক্তি তৈরি হয়েছে জোমাটো ও ইটারনালের প্রতিষ্ঠাতা দীপিন্দর গোয়েলের উদ্যোগে। আকারে ছোট ও ডিম্বাকৃতির ডিভাইসটি কবজিতে পরতে হয় না। বিশেষ আঠালো প্যাচের সাহায্যে কানের সামনের দিকে কপালের পাশের অংশে এটি লাগানো হয়। ফলে অনুশীলন কিংবা খেলাধুলার সময়ও ব্যবহার করা সম্ভব।
টেম্পলের মূল প্রযুক্তির নাম ‘ব্রেনফ্লো’। এতে থাকা অপটিক্যাল বা আলোভিত্তিক সেন্সরের মাধ্যমে মস্তিষ্কে রক্তপ্রবাহের পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত সংকেত সংগ্রহ করা হয়। এসব তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন পরিস্থিতিতে শরীর কীভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে, সে সম্পর্কে ধারণা দেওয়াই প্রযুক্তিটির লক্ষ্য।
ডিভাইসটিতে ‘এন্ট্রপি’ নামে ১ থেকে ২৫০ পর্যন্ত একটি স্কোরও রয়েছে। নির্মাতা দীপিন্দর গোয়েলের ব্যাখ্যা অনুযায়ী, এই স্কোর শরীরের শারীরবৃত্তীয় চাপ বা পরিশ্রমের মাত্রা সম্পর্কে ধারণা দেয়। ব্যায়াম, ঘুম, মানসিক চাপ, ক্যাফেইন গ্রহণ এবং বিশ্রামের মতো বিষয় এতে প্রভাব ফেলতে পারে।
সাধারণ স্মার্টওয়াচে মূলত হৃদস্পন্দন, ঘুম ও শারীরিক কার্যক্রমের তথ্য পাওয়া যায়। অন্যদিকে টেম্পলের লক্ষ্য মস্তিষ্কে রক্তপ্রবাহের পরিবর্তন এবং মানসিক ও শারীরিক চাপের সঙ্গে সম্পর্কিত সংকেত পর্যবেক্ষণ করা।
একজন ক্রিকেটারকে দীর্ঘ সময় ব্যাটিং, ফিল্ডিংয়ের পাশাপাশি অধিনায়কত্বের দায়িত্বও সামলাতে হয়। এ সময় শারীরিক পরিশ্রমের সঙ্গে মানসিক চাপও থাকে। টেম্পলের মতো প্রযুক্তি শরীরের প্রতিক্রিয়া, বিশ্রাম ও পুনরুদ্ধার সম্পর্কে বাড়তি তথ্য দিতে পারে। তবে গিলের ক্ষেত্রে এটি ব্যবহারের নির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়।
শুধু ক্রিকেট নয়, অন্য খেলাতেও এ ধরনের প্রযুক্তির ব্যবহার দেখা যাচ্ছে। ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুকেও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় টেম্পল ব্যবহার করতে দেখা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ভারতের বাজারে ডিভাইসটির প্রথম ব্যাচের দাম নির্ধারণ করা হয়েছে প্রায় ৮৫ হাজার রুপি। ১ নভেম্বর থেকে এর প্রি-অর্ডার শুরুর ঘোষণা দিয়েছিলেন নির্মাতা দীপিন্দর গোয়েল। অর্ডার পাওয়ার পর প্রতিটি ডিভাইস তৈরি করে সরবরাহের পরিকল্পনার কথাও জানানো হয়েছে।
তবে টেম্পলকে প্রচলিত ব্রেন স্ক্যানিং যন্ত্র ভাবার সুযোগ নেই। এটি ইইজি (EEG)-এর মতো মস্তিষ্কের বৈদ্যুতিক কার্যকলাপ রেকর্ড করে না। একইভাবে এটি কোনো রোগ নির্ণয় বা চিকিৎসাগতভাবে সুস্থতা নিশ্চিত করার বিকল্পও নয়।


