...|...|...

খেলা

ফেভারিট তকমা নিয়ে ঘরের মাঠে সাফ মিশনে বাংলাদেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৪৭ | আপডেট: ৪ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৫০
Shares
ফেভারিট তকমা নিয়ে ঘরের মাঠে সাফ মিশনে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামছে বাংলাদেশ। এবারের আসরে হামজা ও শমিতদের নিয়ে গড়া দলকে অন্যতম ফেভারিট হিসেবে দেখছেন প্রতিপক্ষ ভারতের কোচ নওশাদ মুসা। বাংলাদেশের শক্তিমত্তার কথা স্বীকার করে ফাইনালে দুই দলের মুখোমুখি হওয়ার আশাও প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকায় পৌঁছে সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় বাংলাদেশের প্রশংসা করেন ভারতীয় কোচ। তবে নিজেদের দল পূর্ণ শক্তির না হলেও শিরোপা ধরে রাখার লক্ষ্য থেকে সরে আসেননি তিনি।

বর্তমান চ্যাম্পিয়ন ভারত এবার পূর্ণ শক্তির দল নিয়ে ঢাকায় আসতে পারেনি। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ঘরোয়া ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ব্যস্ত সূচির কারণে ১০টি ক্লাবের খেলোয়াড়দের দলে পাননি কোচ নওশাদ মুসা। ফলে তুলনামূলক দ্বিতীয় সারির দল নিয়েই শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ নিতে হচ্ছে ভারতকে।

দল গঠনে সীমাবদ্ধতার কথা স্বীকার করলেও নিজেদের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসী নওশাদ মুসা। একই সঙ্গে বাংলাদেশের শক্তিমত্তার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আইএসএলে দলগুলোর ৫ নভেম্বরের পরও খেলা আছে। এ কারণে আমি এই দলগুলো থেকে খেলোয়াড় নিতে পারিনি। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। তবে, যাদের পেয়েছি, মন্দ নয়। আমাদের দলও অনেক শক্তিশালী। আপনারা যদি খেয়াল করেন, এবারের টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দলগুলোর একটি বাংলাদেশ। আমি জানি না, তাদের সাথে কোন পর্যায়ে দেখা হবে। তবে, আশা করি, ফাইনালে আমাদের দেখা হবে।’

ভারতীয় কোচের এই মন্তব্যে এবারের সাফে বাংলাদেশের প্রতি প্রতিপক্ষের প্রত্যাশা ও সমীহের বিষয়টি স্পষ্ট হয়েছে। এখন মাঠের পারফরম্যান্সে সেই ফেভারিট তকমার প্রতিফলন ঘটানোই হবে হামজাদের সামনে বড় চ্যালেঞ্জ।