ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়ে অভিনেতা নিজেই তার ভাইয়ের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।
বুধবার (১১ নভেম্বর) প্রকাশিত এক শোকবার্তায় ডিপজল লিখেছেন, ‘আমার অত্যন্ত আদরের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল আর আমাদের মাঝে নেই। তার এই অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ভাই, তোমার এই চলে যাওয়া কখনো পূরণ হওয়ার নয়। তোমার স্মৃতি ও ভালোবাসা হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকবে।’
এছাড়া মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ডিপজল দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, যেন মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
এর আগে গত ৯ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইয়ের অসুস্থতার কথা জানিয়ে তার আশু রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছিলেন এই চিত্রনায়ক।


